গুজবে বাসে আগুন দিলেন ছাত্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পরিবহনকর্মীরা ধরে নিয়ে গেছেন—এমন গুজবে গতকাল সোমবার রাতে রাজধানীর আজিমপুর এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগ করেছেন ছাত্ররা। এ সময় তাঁরা ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। পরে কথিত নিখোঁজ ছাত্র ফিরে এলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানান, গতকাল রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্র শুভ্র, আরিফ এবং তাঁদের দুই বন্ধু (অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র) রাব্বী ও আরাফাত সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে ২৭ নম্বর বাসে ওঠেন নীলক্ষেতে আসার জন্য। বাসটি ওই ছাত্রদের নীলক্ষেতে না নামিয়ে চলে যেতে থাকে। ছাত্রদের অভিযোগ, ইডেন কলেজের সামনে বাস থেকে রাব্বীকে ফেলে দেওয়া হয়। এরপর একটু দূরে গিয়ে আরও দুজনকে নামিয়ে দেওয়া হয়। আরিফকে বাসকর্মীরা সবার শেষে আজিমপুরে নামিয়ে দেন। কিন্তু আরিফের অন্য বন্ধুরা ভেবেছিলেন, তাঁকে বাসকর্মীরা ধরে নিয়ে গেছে। তাঁরা হলে এসে এ ঘটনা জানানোর পর ৬০-৭০ জন ছাত্র লাঠিসোঁটা নিয়ে আজিমপুর মোড়ে গিয়ে দুটি বাসে আগুন দেন। কয়েকটি গাড়ি ভাঙচুর করেন, একটি বাস নিয়ে আসেন হলে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, ‘যখন একটা ছেলেকে এভাবে ফেলে দিয়েছে, স্বাভাবিকভাবেই ছাত্রদের মনে আঘাত লেগেছে। এ থেকেই তারা ভাঙচুর চালায়।’