গুজবে হুলুস্থুল!
রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনে এক নারী আটকা পড়েছেন এমন গুজবে আজ সোমবার রাতে হুলুস্থুল কাণ্ড ঘটেছে। তবে ভবনটির প্রতিটি তলা তল্লাশি করেও কাউকে পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, বিশ্ববিদ্যালয়টির পাশে মেয়েদের একটি হোস্টেল আছে। এই হোস্টেলের ছাত্রীরা রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একটি মেয়ের চিৎকার শুনতে পান। ছাত্রীদের দাবি, এ সময় ভবনের চতুর্থ বা ষষ্ঠ তলা থেকে একজন নারী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছেন। খবর পেয়ে তেজগাঁও থানা-পুলিশ বিশ্ববিদ্যালয়ে আসে। পুলিশ হোস্টেলের কয়েকজন ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে ভবনের প্রতিটি তলায় তল্লাশি করে। কিন্তু ভেতরে কাউকেই পাওয়া যায়নি।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শাহিন আহমেদ বলেন, তাঁরা টহলে বের হয়েছিলেন। সাড়ে নয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান। কিন্তু সব তলায় তল্লাশি করেও কাউকে পাওয়া যায়নি।