গুটি ইউরিয়ার ব্যবহার ৩০ থেকে ৩৫ শতাংশ ইউরিয়া সারের সাশ্রয় করে। গুটি ইউরিয়া পরিবেশবান্ধব এবং ফসলও ভালো হয়। গতকাল মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের প্রশিক্ষণ মিলনায়তনে গুটি ইউরিয়া প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গণমাধ্যমে প্রচারণা শীর্ষক আলোচনা সভায় আলোচকেরা এ কথা বলেন। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আইএফডিসির (ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার) আবাসিক প্রতিনিধি ইসরাত জাহান, গুটি ইউরিয়া সম্প্রসারণ প্রকল্পের পরিচালক এ কে এম ফরহাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. সামছুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবদুল আউয়াল মোল্লা, জ্যেষ্ঠ কৃষি বিশেষজ্ঞ মো. মফিজুল ইসলাম ও মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক আবদুল জলিল মিয়া। জ্যেষ্ঠ কৃষি বিশেষজ্ঞ মো. মফিজুল ইসলাম বলেন, ‘প্রতিবছর আমাদের ৬০ থেকে ৭০ হাজার হেক্টর কৃষিজমি হারিয়ে যাচ্ছে। কিন্তু জনসংখ্যা বেড়েই চলেছে। এক্ষেত্রে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। শস্য উৎপাদনে সার বিরাট ভূমিকা রাখছে। ছিটিয়ে দেওয়া সার গ্যাস হয়ে বাতাসে ওড়ে, মাটিতে মেশে ও পানিতে ধুয়ে মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ কাজে লাগে। গুটি ইউরিয়া সারের এই বিশাল অপচয় রোধ করছে।