গুটি ইউরিয়ায় খরচ কম, বেশি ফলন
সরকার গত ১ জুন থেকে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে। এতে কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। খরচ কমাতে যশোরের অভয়নগর উপজেলার কৃষকেরা এবার গুটি ইউরিয়া ব্যবহারের দিকে ঝুঁকছেন। এটি ব্যবহারে ধানের উৎপাদন বাড়ে, আগাছাও কম হয়।উপজেলার কোটা গ্রামের চাষি মীরন আহমেদ তরফদার বলেন, ‘সরকার ইউরিয়া সারের দাম বাড়ায়ে ডবল করেছে। তাই খরচ কুমাতি গুটি ইউরিয়া ব্যবহার কত্তিছি। আশা কত্তিছি, ফলনও ভালো পাব।’কৃষি কর্মকর্তারা বলছেন, গুটি ইউরিয়া অত্যন্ত সাশ্রয়ী। এক একর জমিতে কৃষক ইউরিয়া ব্যবহার করেন ১৮০ থেকে ২০০ কেজি। সেখানে গুটি-ইউরিয়া মাত্র ৬৭ কেজি ব্যবহার করলেই চলে। এক কেজি ইউরিয়ার দাম ২০ টাকা। সে হিসেবে এক একর জমিতে তিন হাজার ৬০০ টাকা থেকে চার হাজার টাকার ইউরিয়া সার ব্যবহার করতে হয়। অপর দিকে প্রতি কেজি গুটি ইউরিয়া ২১ টাকা দরে বিক্রি হয়। এক একরে এক হাজার ৪০০ টাকার গুটি ইউরিয়া ব্যবহার করলেই চলে।কৃষি কর্মকর্তাদের মতে, গুটি ইউরিয়া ব্যবহার করলে ইউরিয়া ব্যবহার করা জমি থেকে একরে চার-পাঁচ মণ ধান বেশি হয়। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বোরো মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল। এর মধ্যে ৮০০ হেক্টর জমিতে গুটি ইউরিয়া ব্যবহার করা হয়। এবার ১৪ হাজার ৮৮৩ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চার হাজার ৪০০ হেক্টর জমিতে গুটি ইউরিয়া ব্যবহূত হচ্ছে। এখন বোরো রোপণ চলছে এবং গুটি-ইউরিয়া আরও বেশি জমিতে ব্যবহূত হবে বলে ধারণা করা হচ্ছে।উপসহকারী কৃষি কর্মকর্তা অশোক কুমার বিশ্বাস বলেন, ‘গুটি ইউরিয়া ব্যবহার করতে খেতে সারি দিয়ে ধানের চারা রোপণ করতে হয়। চারা রোপণের ২০ দিনের মধ্যে চারটি চারার মাঝখানে ২ দশমিক ৭০ গ্রাম ওজনের একটি করে ইউরিয়ার গুটি পুঁতে দিতে হয়। পরে আর কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না।’ তিনি আরও বলেন, গুটি ইউরিয়ায় খরচ খুবই কম, কিন্তু উৎপাদন বেশি। খেতে আগাছাও জন্মে কম।মধ্যপুর গ্রামের কৃষক ইমারুল ইসলাম গত মৌসুমে সাড়ে পাঁচ বিঘা জমিতে বোরো চাষ করেছিলেন। এর মধ্যে তিনি চার বিঘা জমিতে গুটি ইউরিয়া ব্যবহার করেন। এবার তিনি সব জমিতেই গুটি ইউরিয়া ব্যবহার করেছেন। তিনি বলেন, ‘দাম বেড়ে যাওয়ায় ইউরিয়ার খরচ খুব বেড়ে গেছে। সে তুলনায় গুটি ইউরিয়ায় খরচ একেবারেই কম। ফলনও বেশি।’উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘ইউরিয়ার দাম বেড়ে যাওয়ায় ব্যয় সাশ্রয়ের জন্য কৃষক গুটি ইউরিয়া ব্যবহারের দিকে ঝুঁকছেন। এটা খুব ভালো উদ্যোগ। আমরা কৃষকদের গুটি ইউরিয়া ব্যবহারের জন্য নানাভাবে উৎসাহিত করছি।’