বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাংসদ আসাদুজ্জামান নূর বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রাম যদি আমাদের উদ্দেশ্য হয়; তবে দুর্নীতি, সন্ত্রাস, টেন্ডারবাজি করা যাবে না। আর এ কাজটা দলের সব লোক করে না। গুটিকয়েক লোক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এদের চিহ্নিত করতে হবে।’গতকাল শনিবার দুপুরে স্থানীয় শিল্পকলা মিলনায়তনে নীলফামারী উপজেলা সদর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াছ হোসেন সরকারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম সাইফুল্লাহ্ বারী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, কেন্দ্রীয় সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক এনাম ই-খোদা, পৌর আওয়ামী লীগের সভাপতি আলীম উদ্দিন বসুনিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মমতাজুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া আলীম, জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধন প্রমুখ।