গুটিকয়েক লোকের জন্য দল নষ্ট করা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন, যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি ও জমি জবরদখলের মতো অপরাধে জড়িত হবে, দলে তাদের স্থান হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ, গুটিকয়েক লোকের জন্য এত বড় দল নষ্ট করা যায় না।গতকাল রোববার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা এ কথা বলেন। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান। রাজিউদ্দিন আহমেদ বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে পিলখানার ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমান সত্যিকার মুক্তিযোদ্ধা হলে ক্ষমতায় গিয়ে শাহ আজিজ, আবদুল আলীম ও মাওলানা মান্নানের মতো রাজাকারদের মন্ত্রী বানাতেন না। মাহবুবুল আলম বলেন, বিএনপির নেতারা অভিযোগ করেন, তাঁদের নেতা-কর্মীদের নির্যাতন করা হচ্ছে। কিন্তু কোথায় নির্যাতন করা হচ্ছে? পারিবারিক বা ব্যবসায়িক কারণে কোনো মামলা হলে তার দায়িত্ব আওয়ামী লীগ নেবে কেন? আবু সাঈদ আল মাহমুদ বলেন, এক-এগারোর সময় নেত্রীকে সরিয়ে দিতে (মাইনাস) চেয়েছিলেন দলের কিছু নেতা। আজ তাঁরা শাস্তি পাচ্ছেন। টেন্ডারবাজি, চাঁদাবাজি করলে এখন থেকে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আগে শেখ হাসিনা নেতা-কর্মীদের শুধু ভালোবাসতেন, এখন তিনি লাঠি মারতেও জানেন।বর্ধিত সভার দ্বিতীয় অংশে দলের নেতা-কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠক শেষে সন্ধ্যায় মিলনায়তন থেকে বের হওয়ার সময় নন্দীগ্রামের ইউনিয়ন পর্যায়ের নেতা আশরাফ মিয়াকে মারধর করা হয়। আশরাফ মিয়া অভিযোগ করেন, বৈঠকে জেলা সভাপতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় সভাপতির লোকেরা তাঁকে মারধর করেছে। নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ বলেন, সভাপতির লোকেরা তাঁকেও মারধর করার চেষ্টা করেছে। কিন্তু তিনি কৌশলে রক্ষা পেয়েছেন। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও জেলা আওয়ামী লীগের সভাপতির মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।