সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন গতকাল মঙ্গলবার জেরায় বলেছেন, একাত্তরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পৈতৃক বাড়ি গুডস হিলে নির্যাতনের ফলে তাঁর শরীর থেঁতলে গিয়েছিল।সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সালেহ উদ্দিনকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গত সোমবার সালেহ উদ্দিন জবানবন্দি দেন।জেরায় আহসানুলের কয়েকটি প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী সালেহ উদ্দিন বলেন, নির্যাতনে তাঁর শরীর থেকে রক্তও বের হয়েছিল, তবে হাড় ভাঙেনি। পরনের লুঙ্গিতেও রক্ত লেগেছিল। তবে জামা সাদা থাকায় রক্ত বেশি দেখা গিয়েছিল। এ সময় আহসানুল মত (সাজেশন) দেন, ঘটনার সময় সাক্ষীর পরনে সাদা জামা ছিল না, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং শিখিয়ে দেওয়ায় সাদা জামার কথা বলেছেন। সালেহ উদ্দিন বলেন, এটি সত্য নয়। তদন্ত কর্মকর্তার কাছে সাদা জামার কথা বলেছেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বলেছেন। কিন্তু তদন্ত কর্মকর্তা এটি লিখেছেন কি না, জানেন না।জেরার সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষীর দেওয়া জবানবন্দি প্রসঙ্গে আসামিপক্ষের কয়েকটি প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন বলেন, ২০১১ সালের ১৬ মার্চ তিনি তদন্ত কর্মকর্তার কার্যালয়ে জবানবন্দি দেন। এরপর তদন্ত কর্মকর্তার সঙ্গে তাঁর আর দেখা হয়নি। তদন্ত কর্মকর্তাকে তিনি গুডস হিলে নিয়ে গিয়ে ঘটনাস্থল দেখাননি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের লেখা আমার একাত্তর বইটি পড়েছেন কি না—এ প্রশ্নের জবাবে সাক্ষী পড়েছেন বলে জানান। ওই বইতে গুডস হিলে সাক্ষীর নির্যাতিত হওয়ার ঘটনা সম্পর্কে কিছু লেখা আছে কি না—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তা তাঁর মনে নেই। একাত্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মলোটভ ককটেল তৈরি হতো কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তাঁর জানা নেই।আসামি পক্ষের প্রধান আইনজীবী বলেন, সাক্ষীর জবানবন্দি অনুসারে বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসু মিয়া কনভেনশন মুসলিম লীগ করতেন। এ বিষয়ে দালিলিক প্রমাণ সাক্ষীর কাছে আছে কি না—এর জবাবে সাক্ষী বলেন, নেই। গুডস হিল থেকে তাঁকে উদ্ধারকারী মাইজ্যা মিয়া, বাদশা মিয়া ও হারুন মুসলিম লীগ করতেন, এটা কি সাক্ষী জানেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জানেন। তবে তাঁরা কনভেনশন মুসলিম লীগ করতেন কি না, তা জানেন না। মোহরা গ্রামে যাঁরা মুসলিম লীগ করতেন তাঁরা মোটামুটি ফজলুল কাদের চৌধুরীর সমর্থক ছিলেন।জেরার শেষ পর্যায়ে আহসানুল মত দেন, সাক্ষীকে গুডস হিলে ধরে নিয়ে যাওয়া এবং নির্যাতন করার কথা উদ্দেশ্যপ্রণোদিত। সালেহ উদ্দিন এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, এটা সত্য নয়।জেরা শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।