গুডস হিলে নির্যাতনের ফলে এখলাস নামের একজন মারা যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ৩৩তম সাক্ষী মাহমুদ আলী। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে এখলাস নামের এক ব্যক্তি গুডস হিলে (সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি) নির্যাতনের ফলে মারা যান।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মাহমুদ আলীর (৬০) জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে মাহমুদ আলী বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী থানার কদুরখিল গ্রামে। একাত্তরের জুলাই মাসের শেষ দিকে সিও কার্যালয় থেকে রাজাকাররা কদুরখিলে কোকাইয়ের দোকানের কাছে যায়। সেখানে এখলাসকে ধাওয়া দিলে তিনি দৌড়ে পুকুরে গিয়ে পড়েন। রাজাকাররা এখলাসকে সেখান থেকে ধরে সিও কার্যালয়ে স্থাপিত রাজাকার ক্যাম্পে নিয়ে যায়। এরপর তারা এখলাসকে সালাউদ্দিন কাদের চৌধুরীর গুডস হিলে নিয়ে যায়। গুডস হিলে নির্যাতনের ফলে এখলাস মারা যান। দু-তিন দিন পর এখলাসের বাবা জামাল সওদাগর গুডস হিল থেকে এখলাসের লাশ নিয়ে আসেন। পরে তাঁকে তাঁদের বাড়ির পুকুরপাড়ে কবর দেওয়া হয়। এখলাসের জানাজায় তিনি অংশ নিয়েছিলেন।জবানবন্দি শেষে মাহমুদ আলীকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। জেরা শেষ হলে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ মে দিন ধার্য করা হয়।