বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী নিজাম উদ্দিন আহমেদ। জবানবন্দিতে তিনি একাত্তরে গুডস হিলে ধরে নিয়ে তাঁর ওপর নির্যাতনের বর্ণনা দেন। তিনি বলেন, তিনি জেনেছেন, তাঁকে ধরে নিয়ে যাওয়া যুবকদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নিজাম উদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। গুডস হিল চট্টগ্রাম শহরে সাকা চৌধুরীর পৈতৃক নিবাস।নিজাম উদ্দিন জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানার সুফি মিয়াজি পাড়া গ্রামে। তাঁর বাবা জহির উদ্দিন আহমেদ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একাত্তরে তিনি চট্টগ্রাম কলেজের দ্বিতীয় বর্ষে পড়তেন। তাঁরা থাকতেন শহরের চকবাজারে। মুক্তিযুদ্ধ শুরু হলে মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য তিনি বিভিন্ন স্থানে যেতেন। জুন মাসের মাঝামাঝি সিদ্দিক নামের একজন তাঁকে একসঙ্গে কাজ করতে বলেন। তিনি সিদ্দিকের সঙ্গে নন্দনকানন এলাকায় সৈয়দ অহিদুল আলম ও সিরাজকে নিয়ে দল গঠন করেন। তাঁরা হাজারি লেনের একটি আধা পোড়া বাড়িতে অস্থায়ী ক্যাম্প করেন। ওই ক্যাম্প থেকে তাঁরা দিনের বেলা রেকি করতে বিভিন্ন স্থানে যেতেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ৫ জুলাই হঠাৎ তাঁদের সঙ্গে সিদ্দিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই দিন সন্ধ্যায় ওই ক্যাম্প থেকে পাকিস্তানি সেনারা তাঁদের তিনজনের হাত বেঁধে গাড়িতে তোলে। পাকিস্তানি সেনাদের সঙ্গে কয়েকজন যুবকও ছিল। গাড়িটি পাঁচ-ছয় মিনিটের মধ্যে গুডস হিলের সামনের লনে থামে। তাঁদের তিনজনকে বসার ঘরে নেওয়া হয়। সেখানে তিনি নেতা গোছের ১০-১৫ জনকে দেখেন। তাঁদের মধ্যে জিন্নাহ টুপি ও পায়জামা-কুর্তা পরে দাঁড়িয়েছিলেন ফজলুল কাদের চৌধুরী (সাকা চৌধুরীর বাবা)। ফজলুল কাদেরকে তাঁদের সম্পর্কে জানানোর পর তিনি তাঁদের গালি দেন ও নির্যাতনের নির্দেশ দেন। এরপর তাঁদের তিনজনকে আলাদা ঘরে নিয়ে নির্যাতন ও বিভিন্ন প্রশ্ন করা হয়। তাঁকে কিছুক্ষণের জন্য পাশের একটি ছোট ঘরে নেওয়া হয়। ১৮-১৯ বছরের এক যুবক ও একটি মেয়ে ওই ঘরে এসে ঠাট্টা করেন। পরে আবার তাঁকে আগের ঘরে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত তাঁকে নির্যাতন করা হয়।নিজাম উদ্দিন বলেন, রাতে নির্যাতনকারীদের কথপোকথনে তিনি শোনেন, যারা তাঁকে ধরে এনেছে তাদের মধ্যে ফজলুল কাদের চৌধুরীর এক ছেলেও ছিলেন। পরে জেনেছেন ও শুনেছেন, ওই ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী। এ বিষয়ে তিনি এবং অন্যরাও পত্র-পত্রিকায় লিখেছেন। তিনি বলেন, পরে তাঁদের গুডস হিল থেকে স্টেডিয়াম ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হয়। এরপর নেওয়া হয় চট্টগ্রাম সেনানিবাসে। পরে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়। একাত্তরের ১৮ নভেম্বর তিনি মুক্তি পান।প্রায় সোয়া এক ঘণ্টার জবানবন্দি শেষে নিজাম উদ্দিনকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। কয়েকটি প্রশ্নের পর জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।কাদের মোল্লার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত রয়েছে। গতকাল তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে চতুর্থ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। জেরা অসমাপ্ত অবস্থায় কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।