গুডস হিলে নির্যাতনের সময় সাকা চৌধুরী উপস্থিত ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী সৈয়দ ওয়াহিদুল আলম ওরফে জুনু গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, একাত্তরের ৫ জুলাই ‘গুডস হিলে’ তাঁকে নির্যাতনের সময় সাকা চৌধুরী উপস্থিত ছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ওয়াহিদুল আলমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় ছিলেন।জবানবন্দিতে ওয়াহিদুল আলম (৫৯) জানান, তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের ভুজপুর থানার (সাবেক ফটিকছড়ি) আজিমপুর (ভুজপুর) গ্রামে। মুক্তিযুদ্ধকালে তিনি চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে নবম শ্রেণীতে পড়তেন। একাত্তরের জুনে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সিদ্দিকের কাছে তিনি শহরের হাজারি লেনের একটি আধপোড়া বাড়িতে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিতে থাকেন। পরে তাঁদের সঙ্গে যোগ দেন সিরাজুল ইসলাম ও নিজাম উদ্দিন আহম্মদ।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী জানান, একাত্তরের ৫ জুলাই সিদ্দিকের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খুঁজেও সিদ্দিককে না পেয়ে তাঁরা তিনজন ওই বাড়িতে অপেক্ষা করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকজন পাকিস্তানি সেনা ও স্থানীয় কয়েকজন বাঙালি ওই বাড়ি থেকে তাঁদের ধরে লাল জিপে উঠিয়ে গনি বেকারির মোড়ে ফজলুল কাদের চৌধুরীর (সাকা চৌধুরীর বাবা) বাংলোতে নিয়ে যায়। বাংলোটিকে বর্তমানে ‘গুডস হিল’ বলা হয়। সেখানে তাঁদের মারধর করা হয়। এ সময় সাকা চৌধুরী ও তাঁর এক ছোট ভাই সেখানে দাঁড়িয়েছিলেন।ওয়াহিদুল জানান, মারধরে তাঁর একটি দাঁত পড়ে যায়, রক্তপাত হয়। কিছুক্ষণ পর ফজলুল কাদের চৌধুরী বাড়ির ভিতরে চলে যান, সিরাজুল ও নিজামকেও ভেতরে নেওয়া হয়। সাকা চৌধুরীও বাড়ির ভেতরে চলে যান। তিনি বসার ঘর থেকে দুই সহযোগীর চিৎকার শোনেন। রাত একটার পর তাঁদের তিনজনের হাত বেঁধে বাড়ির গ্যারেজে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সন্ধ্যা সাতটা-সাড়ে সাতটার দিকে তাঁদের পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া হয়। পরে তাঁদের চট্টগ্রাম স্টেডিয়ামে নিয়ে আবার নির্যাতন করা হয়।ওয়াহিদুল বলেন, তাঁদের স্টেডিয়ামে আরও ৩০-৩৫ জন বন্দীর সঙ্গে রাখা হয়। ১৩ জুলাই সেনানিবাসে নেওয়ার জন্য বন্দীদের নাম-ঠিকানা জানতে চাওয়া হয়। তিনি পুরো নাম বললে সৈয়দ বংশের লোক পরিচয় পেয়ে বেলুচ রেজিমেন্টের একজন মেজর তাঁকে ছেড়ে দেন, অন্য বন্দীদের সেনানিবাসে পাঠানো হয়। পরে জানতে পারেন, সিরাজুল ও নিজামকে সেনানিবাসে নির্যাতনের পর কারাগারে পাঠানো হয়েছিল।ওয়াহিদুল জানান, ছাড়া পেয়ে তিনি ফটিকছড়ি যান। ২০-২৫ দিন পর শহরে ফিরে মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁর দায়িত্ব ছিল রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যদের গতিবিধি লক্ষ করা। তিনি জানতে পারেন, গুডস হিলের আলবদর, আলশামস বাহিনীর নেতৃত্বে ছিলেন সাকা চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল আলম, জাহাঙ্গীর প্রমুখ।জবানবন্দি শেষে ওয়াহিদুল আলমকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক এবং সাকা চৌধুরী। জেরা শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।