গুণগত মান অর্জনই শিক্ষার বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গুণগত মান অর্জন করাই বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মান অর্জনে শিক্ষা ব্যবস্থাপকদের পাশাপাশি শিক্ষকদের ভূমিকা বড় ও গুরুত্বপূর্ণ।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘আন্তর্জাতিক মনোবিজ্ঞান সম্মেলন ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব সাইকোলজিস্ট যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।
প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের সময় শিক্ষামন্ত্রী তাঁর নিজের বিভিন্ন উদ্যোগ ও শিক্ষাক্ষেত্রে সরকারের সাফল্যের উদাহরণ তুলে ধরে বলেন, অনেকেই অভিযোগ করেন শিক্ষার মান কমছে, কমেছে। এই অভিযোগ সত্যি হলে শিক্ষা মাটির নিচে চলে যেত। তবে শিক্ষার গুণগত মান যতটুকু বৃদ্ধি পাওয়া উচিত ছিল, ততটুকু হয়তো বৃদ্ধি পায়নি।
দুই দিনের এই সম্মেলনের প্রতিপাদ্য: ‘গুণগত শিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা: দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নের পূর্বশর্ত’। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি এম রওশন আলী। তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর উন্নয়নের অন্যতম সমস্যা দক্ষ মানবসম্পদের অভাব ও মানবসম্পদ ব্যবস্থাপনায় ত্রুটি।
আলোচনায় বিশিষ্ট মনোবিজ্ঞানীরা বলেন, মনোবিজ্ঞান আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। নিজেকে ও পারিপার্শ্বিকতাকে চিনতে-বুঝতে সহায়তা করে। কিন্তু পাঠ্য বিষয় হিসেবে একে প্রাপ্য গুরুত্ব দেওয়া হচ্ছে না।