গুণগত মানসহ পুরো বাজেট বাস্তবায়ন চান সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেটের সম্পূর্ণ বাস্তবায়ন চেয়েছেন সাংসদেরা। একই সঙ্গে গুণগতভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিশ্চিতের পক্ষেও মত দিয়েছেন তাঁরা। বাজেট নিয়ে এ আলোচনার নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘বাজেটের উদ্দেশ্য সফল হচ্ছে কি না, সেটা দেখতে হবে ও কাজটি আদায় করে নিতে হবে।’ স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আলোচনায় অংশ নিয়ে গতকাল মঙ্গলবার এসব কথা বলা হয়। গতকালই শুরু হয় নতুন অর্থবছরের জাতীয় বাজেটের ওপর আলোচনা।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের তিনটি বাজেটের মধ্যে ধারাবাহিকতা রয়েছে। একই সঙ্গে তা পঞ্চবার্ষিক ও সহস্রাব্দের উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে সংগতিপূর্ণ। তিনি প্রস্তাবিত বাজেটকে গণমুখী, জনকল্যাণমুখী ও স্বপ্ন দেখায় বলে উল্লেখ করেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বাজেটটি ছোটই হয়েছে। দারিদ্র্যের মধ্যে থেকে আমাদের মানসিকতাই ছোট হয়ে গেছে। বাজেট আরও বাড়ানো উচিত।’ তিনি বলেন, এখনই তাঁর মন্ত্রণালয়ের বাজেট দ্বিগুণ হওয়া উচিত।মন্ত্রী গুণগতভাবে বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা খাতে আরও উন্নয়নে অধিক বরাদ্দের দাবি তোলেন। তিনি বলেন, দুনিয়াব্যাপী শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। আর এখানে হয় ২ দশমিক ৩ শতাংশ। বিশ্বব্যাপী জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ থাকে শিক্ষা খাতে। কিন্তু বাংলাদেশে বরাদ্দ ১১ শতাংশ।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি অপ্রদর্শিত অর্থ সাদা করার বিরুদ্ধে মত দিয়ে বলেন, একজন সৎ করদাতাকে যদি সর্বোচ্চ ২৫ শতাংশ কর দিতে হয়, তাহলে ১০ শতাংশ কর দিয়ে কীভাবে অপ্রদর্শিত অর্থকে সাদা করার সুযোগ দেওয়া যায়। তিনি অন্তত ২৫ ভাগ কর আরোপ করে তবেই এ সুযোগ দেওয়ার প্রস্তাব করেন।স্পিকারের ভাষায় ‘ওপেনিং ব্যাটসম্যান’ হিসেবে আলোচনায় অংশ নিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, কেউ ভাবতে পারেন, বাজেট কেবল সংখ্যা বা অঙ্ক অথবা বার্ষিক হিসাব-নিকাশ। কিন্তু বাজেটের একটা রাষ্ট্রীয় বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ থাকে।আব্দুল লতিফ সিদ্দিকী বস্ত্র ও পাট খাতের প্রতি অর্থমন্ত্রীর দৃষ্টি প্রসারিত করার আহ্বান জানিয়ে বলেন, প্রস্তাবিত বাজেট অনুসারে বস্ত্র খাতে অস্থিরতা সৃষ্টি হবে। দেশে তুলা উৎপাদন হয় না। বিদেশে তুলার দাম বৃদ্ধির কারণে এক দফা বস্ত্র খাতে অস্থিরতা দেখা দিয়েছে। তিনি বলেন, তৈরি পোশাক খাত আজ বিপন্ন অবস্থায় পড়েছে। সহায়তা ও প্রণোদনা দিতে হবে। মনে রাখতে হবে, এ খাত কেবল বৈদেশিক মুদ্রা অর্জনের পথ নয়, ৬৫ লাখ মানুষের কর্মসংস্থান করেছে। পাটমন্ত্রী অভিযোগ করেন, একটি অশুভ শক্তি এ খাতে কাজ করছে। এনজিওগুলো আছর করছে। অমিত সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। সেই সময় করের বোঝা চাপালে সমস্যা হবে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী না বললেও অর্থবিলে করের প্রস্তাব বাড়ানো হয়েছে। সাংসদ রেজা আলী ডাবল কেবিন পিকআপ ও ডিজেল পিকআপ ভ্যানের ওপর প্রস্তাবিত কর কমিয়ে আনার প্রস্তাব দেন। তিনি বলেন, এগুলো বিলাসী গাড়ি নয়। তিনি রপ্তানি আয়ের ওপর অগ্রিম আয়কর বৃদ্ধির বিরোধিতা করেন।সাংসদ ফরিদুল হক খান শিক্ষামন্ত্রীর মতো ১০০ ভাগ বাজেট বাস্তবায়নের কথা বলেন। তিনি বলেন, বাজেট প্রস্তাবনাকে সবাই স্বাগত জানাচ্ছে। কিন্তু সন্দেহ প্রকাশ করেছে বাস্তবায়নে।জাতীয় পার্টির মজিবর রহমান বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক চেয়েছিল। তখন চাইলে এখন চাচ্ছে না কেন? তিনি বিএনপিকে সংসদে এসে বক্তব্য রাখতে আহ্বান জানিয়ে বলেন, এভাবে জ্বালাও-পোড়াও করে দেশের ক্ষতি করা ঠিক হবে না। বাজেটের ওপর গতকাল আরও আলোচনায় অংশ নেন গৃহায়ণ ও পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।