গুণগতমান যাচাই ছাড়া পণ্য বিক্রির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণগতমান যাচাই ছাড়া পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগে তিনটি এমএস রড উৎপাদন কারখানা এবং দুটি কাগজের কারখানাসহ সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গতকাল বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম ও বিচারিক হাকিম আদালতে মামলাগুলো দায়ের করা হয়।
রড উৎপাদনকারী প্রতিষ্ঠান তিনটি হলো নাসিরাবাদের বেঞ্জ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বায়েজীদ এলাকার মাল্টি স্টিল কাস্টিং লিমিটেড ও চরচাক্তাইয়ের এহসান স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড।
অপর চারটি কারখানা হলো, বোয়ালখালীতে টিকে গ্রুপের টিকে কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড এবং একই গ্রুপের এমএএফ নিউজ প্রিন্ট মিলস লিমিটেড, বায়েজীদের ওরিয়েন্টাল বেকারি অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং পটিয়ার বোগদাদ ফ্লাওয়ার মিল।
বিএসটিআইয়ের উপপরিচালক মো. শওকত ওসমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের বৈধ ছাড়পত্র ছাড়া উৎপাদিত পণ্য বিক্রয় ও বিতরণের অভিযোগ আনা হয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।
বিএসটিআই সূত্র জানায়, এটা ‘বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত আইন ২০০৩’-এর ২৪ ধারার পরিপন্থী এবং ৩১-এ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই এই মামলা করা হয়।