গুণী মানুষদের অনুসরণের প্রত্যয় শিশুদের
‘সমাজে অনেক গুণী মানুষ আছেন। তাঁরা দেশের এবং মানুষের ভালোটাই চিন্তা করেন সব সময়। অন্যের বিপদেও এগিয়ে আসেন। আমরা যদি তাঁদের অনুসরণ করে চলতে পারি, তাহলে আমরাও একদিন তাঁদের মতো হব। ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজ করব।’এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করে শেরপুর কেজি পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রকিবুল হাসান। এ সময় মাথা নেড়ে রকিবুলের কথায় সমর্থন জানাচ্ছিল শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র লোকনাথ নন্দী ও ময়মনসিংহের হালুয়াঘাট শিশু একাডেমির ছাত্র সাইফুল ইসলাম। গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় প্রার্থনাকুঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপনায় শিশু ফোরামের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য, ‘একটি নতুন বিশ্ব গড়তে শিশুদের মতামত তুলে ধরা’।গতকাল শুক্রবার সকালে শিশু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের ময়মনসিংহ ডিভিশনাল ডিরেক্টর পিন্টু আরেং।বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ইয়ান ডি ওয়াল, গ্রুপ ডিরেক্টর (অপারেশন) ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন প্রমুখ।প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, শিশু সম্মেলনের দুই দিনে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। এই শিক্ষা তোমরা তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে সবার সঙ্গে আলোচনা করবে। তবেই এই শিক্ষা তোমাদের সত্যিকারে কাজে আসবে।’শিশুদের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, ‘তোমাদের ক্লাসে কেউ দুর্বল ছাত্র থাকলে তাদের সহযোগিতা করবে। যাদের বাসায় শিশুরা কাজ করে, সেসব শিশুর পড়ার সুযোগ করে দেবে। কারণ মানুষ হিসেবে সবার অধিকার সমান।’ওয়ার্ল্ড ভিশনের যোগাযোগ ও গণসংযোগ বিশেষজ্ঞ মোহামঞ্চদ খালিদুজ্জামান বলেন, শিশুদের সার্বিক উন্নয়নের জন্য তাদের সংগঠিত করা ও ক্ষমতায়নের কোনো বিকল্প নেই। আর এই সত্য সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সরকারের পাশাপাশি প্রতিটি অঞ্চলে উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিশুদের সংগঠিত করে ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, দুই দিনের কর্মসূচিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশনা এবং গল্প, কবিতা ও নাটিকা মঞ্চস্থ করাসহ বিভিন্ন আয়োজন রয়েছে।