
যে সমাজে গুণী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় না, সে সমাজ পিছিয়ে থাকে। সমাজ উন্নয়নে নিরলস অবদান রাখা ব্যক্তিরা কোনো কিছু প্রাপ্তির আশায় কাজ করেন না। কিন্তু তাঁদের স্বীকৃতি দিলে তা অন্যদেরও প্রেরণা জোগায়। চট্টগ্রামের তিন গুণী ব্যক্তি ও পাঁচ জ্যেষ্ঠ সাংবাদিককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। চট্টগ্রাম প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
চট্টগ্রাম প্রেসক্লাবের গুণীজন সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন প্রয়াত রাজনীতিবিদ মিয়া আবু মোহাম্মদ ফারুকী (মরণোত্তর), সমাজসেবক ও চক্ষু বিশেষজ্ঞ রবিউল হোসেন ও বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। সম্মাননা পাওয়া পাঁচজন সাংবাদিক হলেন আবদুল্লাহ আল ছগীর (মরণোত্তর), নাসিরুদ্দিন চৌধুরী, অঞ্জন কুমার সেন, এস এম আতিকুর রহমান ও মো. নূর সুলতান কুতুবী। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন পরিবেশ ও বনমন্ত্রী।
প্রয়াত মিয়া আবু মোহাম্মদ ফারুকীর পক্ষে তাঁর সন্তান শোয়েব ফারুকী ও প্রয়াত আবদুল্লাহ আল ছগীরের পক্ষে তাঁর সন্তান জিয়া উদ্দীন এম এনায়েত উল্লাহ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে রবিউল হোসেন ও ওস্তাদ আজিজুল ইসলাম তাঁদের সম্মাননা দেওয়ায় চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া সাংবাদিকেরা বলেন, আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সংবাদপত্রের পেশাদারি সব ক্ষেত্রেই চট্টগ্রামের সাংবাদিকেরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। কিন্তু জাতীয় প্রেসক্লাবে তাঁদের কোনো প্রতিনিধিত্ব নেই। প্রকৃতপক্ষে জাতীয় প্রেসক্লাব এখনো জাতীয় হয়ে উঠতে পারেনি। এটি খুব বেশি ঢাকাকেন্দ্রিক।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আমাদের দেশে গুণীজনদের স্বীকৃতি দেওয়া হয় কম। যাঁদের দেওয়া হয় তাঁদের প্রায় সবারই বসবাস রাজধানীতে। বঞ্চনা থেকেই ধীরে ধীরে ক্ষোভ তৈরি হয়। জাতীয় প্রেসক্লাবে সব বিভাগীয় প্রতিনিধি থাকা উচিত। এই বিষয়টি অনেক দিন ধরেই আলোচিত হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে ঢাকার বাইরের সাংবাদিক হলেই তাঁদের মফস্বলের সাংবাদিক ভাবা হচ্ছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। সংবর্ধিত ব্যক্তিত্বদের জীবনী সংক্ষিপ্তভাবে তুলে ধরেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, কার্যকরী সদস্য ফারুক ইকবাল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ। এ ছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়।