গুতেরেসের সফরের পর নতুন উদ্যোগ চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা পরিস্থিতি দেখেছেন
  • রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে রাখাইনের ভয়াবহতা সম্পর্কে জেনেছেন
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনায় বাংলাদেশ ৩ বিষয়ে জোর দিয়েছে
আন্তোনিও গুতেরেস
আন্তোনিও গুতেরেস

বৈশ্বিক নানা উদ্যোগের পরও রোহিঙ্গা সমস্যা সমাধানে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের পর সমস্যা সমাধানে নতুন উদ্যোগের আশা করছে ঢাকা। গুতেরেসের সংক্ষিপ্ত সফরে এই বার্তাই তাঁকে দিয়েছে বাংলাদেশ।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে নিয়ে গত রোববার কক্সবাজারে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে আসা লোকজনের সঙ্গে কথা বলে রাখাইনের ভয়াবহতা সম্পর্কে জেনেছেন। রোহিঙ্গাদের মুখে নৃশংসতার বর্ণনা শুনে তিনি রীতিমতো হতবিহ্বল। সেটা তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ও গণমাধ্যমকে জানাতে মোটেই দ্বিধা করেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে বাংলাদেশ তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছে। এর মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের তাদের আদি নিবাসে কিংবা পছন্দের জায়গায় ফিরিয়ে নেওয়া এবং পুনর্বাসন করা। উৎসে গিয়ে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান করা। আরও স্পষ্ট করে বললে, দ্রুত ও নিঃশর্তভাবে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা। রাখাইন থেকে রোহিঙ্গাদের জোর করে বের করে দেওয়ায় যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এ জন্য দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা।
মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কাছে বাংলাদেশের কী প্রত্যাশা, এবার জোরালোভাবে তা বলেছে। আন্তোনিও গুতেরেস বাংলাদেশে আসায় পরিস্থিতির ভয়াবহতা তিনি বুঝতে পেরেছেন। ফলে বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরাটা সহজ হয়েছে। 

জানতে চাইলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আন্তোনিও গুতেরেসের এই সফরের পর জাতিসংঘের কাছ থেকে নতুন উদ্যোগ প্রত্যাশা করছি। বিশেষ করে, মহাসচিব ফিরে গিয়ে এখানকার পরিস্থিতি নিয়ে সদস্যদের অবহিত করতে পারেন। তা ছাড়া, চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে সুইডেন। সভাপতি দেশের অগ্রাধিকারের তালিকায় মিয়ানমারের পরিস্থিতি রয়েছে। তাই এ মাসে নিরাপত্তা পরিষদের বৈঠক হবে বলে আশা করছি। ওই বৈঠকে জাতিসংঘের মহাসচিব তাঁর পর্যবেক্ষণ তুলে ধরবেন।’
নিউইয়র্কের একটি কূটনৈতিক সূত্র গতকাল এই প্রতিবেদককে জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব তাঁর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন বার্গনারকে এ মাসের ১২ তারিখ তিন দিনের জন্য বাংলাদেশে পাঠাবেন। এর আগে তাঁকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন আন্তোনিও গুতেরেস।
নিউইয়র্কের সূত্রটি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে কুয়েত সভাপতি থাকার সময় নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে শেষবারের মতো বৈঠক ডেকেছিল। এ মাসে সুইডেনের পর আগস্ট ও সেপ্টেম্বরে যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সভাপতির দায়িত্ব পালন করবে নিরাপত্তা পরিষদে। এ সময় নতুন অগ্রগতির প্রত্যাশা করছে বাংলাদেশ। কারণ, এই দুই দেশই রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার।
জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সাবেক হাইকমিশনার হিসেবে রোহিঙ্গা সমস্যার আদ্যোপান্ত জাতিসংঘ মহাসচিবের জানা। কিন্তু গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের সংখ্যালঘু লোকজনের জীবনটা এতটা বিভীষিকাময় হয়ে উঠেছে, সেটা তিনি রোহিঙ্গাদের কাছে সরাসরি শুনেছেন। তাই ঢাকা ছাড়ার আগে রাখাইনে গত বছরের নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের কথাটা জোর দিয়ে বলেছেন। এ নিয়ে জাতিসংঘের সত্যানুসন্ধানী দল তাদের চূড়ান্ত প্রতিবেদন এ মাসের শেষে কিংবা আগামী মাসের মাঝামাঝি প্রকাশ করবে। ওই প্রতিবেদন নিয়ে সেপ্টেম্বরে মানবাধিকার পরিষদের নিয়মিত অধিবেশনে আলোচনা হবে।
আন্তোনিও গুতেরেসের সফরের সঙ্গে যুক্ত কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোহিঙ্গা সমস্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কাছে একটি চিত্র তুলে ধরে বাংলাদেশ। সমস্যা সমাধানে বাংলাদেশের মানবিক উদ্যোগ, দ্বিপক্ষীয় পদক্ষেপ, চ্যালেঞ্জগুলো কী, আন্তর্জাতিক সম্প্রদায় কী করতে পারে আর জাতিসংঘের কাছে বাংলাদেশ কী চায়, তা সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তুলে ধরেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক আচরণ করেছে। এই উদারতার জন্য বাংলাদেশকে শাস্তি দেওয়াটা উচিত হবে না। রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে।
মহাসচিব হিসেবে এবার প্রথম বাংলাদেশে এলেও এর আগে আন্তোনিও গুতেরেস দুবার বাংলাদেশে এসেছিলেন। রোহিঙ্গাদের সমস্যা কতটা প্রকট, এবার সেটা বেশ ভালোভাবেই বুঝেছেন তিনি। তাই জোরালোভাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে গেছেন। এতে জাতিসংঘের মহাসচিবের সফরের পর নতুন করে আশাবাদী হতে চাইছে বাংলাদেশ। যদিও চীন ও রাশিয়া হুট করে মিয়ানমারের পক্ষ ছেড়ে নিরপেক্ষ হয়ে পড়বে, বাংলাদেশ এমন উচ্চাশাও পোষণ করতে চাইছে না। এ দুই স্থায়ী সদস্যদেশ মিয়ানমারের পক্ষে থাকায় এখনো কোনো কঠোর অবস্থানে যেতে পারেনি নিরাপত্তা পরিষদ।