গুদাম ও ঝুপড়িতে শিক্ষার্থীদের মানবেতর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি হলেই ছাত্রাবাসের ভেতরে জমে যায় পানি  প্রথম আলো
বৃষ্টি হলেই ছাত্রাবাসের ভেতরে জমে যায় পানি প্রথম আলো

পাঁচতলা ভবনের নিচতলায় গুদামের মতো তিনটি কক্ষ। কক্ষগুলোর ভেতরে-বাইরে বারান্দাসংলগ্ন মাঠে হাঁটুসমান পানি। ভেতরে ভাপসা গরম। ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুতের তার টানা থাকলেও সিলিং ফ্যান নেই। খাট ও টেবিলের ওপর এলোমেলোভাবে রাখা বইপত্রসহ অন্য জিনিসপত্র। শৌচাগারের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। এমন অস্বাস্থ্যকর ও মানবেতর পরিবেশে জীবন কাটছে পটিয়ার হজরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার দুটি ছাত্রাবাসের শতাধিক শিক্ষার্থীর।
একই দশা মাদ্রাসার পেছনের ডোবাসংলগ্ন জরাজীর্ণ টিনের ছাউনি ও বেড়ার তৈরি ঝুপড়িঘরে বসবাসকারী ৫০ জন শিক্ষার্থীর।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ছাত্রাবাসের ভেতর প্রায় সময় সাপ, ব্যাঙসহ বিভিন্ন ধরনের পোকামাকড় ঢুকে পড়ে। রাতে চলাচল করতে হয় ঝুঁকি নিয়ে। ময়লা পানিতে হাঁটাচলার কারণে অনেকে চুলকানিসহ নানা রোগে ভুগছেন। ছাদ নিচু হওয়ায় সিলিং ফ্যানও লাগানো যাচ্ছে না। শিক্ষার্থীরা জলাবদ্ধতাসহ ছাত্রাবাসের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। এ ব্যাপারে ৭ অক্টোবর মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসায় এক হাজার ৪০০ জন শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে তিনটি ছাত্রাবাসে শিক্ষার্থী থাকেন ১৫০ জন। ছাত্রাবাস তিনটির মধ্যে একটির অবস্থা কিছুটা ভালো হলেও অন্য দুটির অবস্থা শোচনীয়। ওই দুটিতে শতাধিক ছাত্র বসবাস করেন।
১২ নম্বর জিলানি কক্ষের ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র শওকত আলী বলেন, ‘চার বছর ধরে আমরা বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত জলাবদ্ধতা ও ভাপসা গরম পরিবেশে দিন যাপন করি। প্রতিটি কক্ষে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থীকে ঠ্যাসাঠেসি করে থাকতে হয়।’
মাদ্রাসার পেছনের ডোবাসংলগ্ন বেড়ার ঘরের ১ নম্বর কক্ষে বসবাসরত ফাজিল প্রথম বর্ষের ছাত্র জিয়াউল হক বলেন, ‘ভাঙা বেড়ার এই ঘরে টিনের চালা নিচু হওয়ায় ভেতরে সব সময় অসহ্য ভাপসা গরম লাগে। সামান্য বৃষ্টি হলে চালার ফুটো দিয়ে পানি পড়ে।’
একাধিক শিক্ষার্থীর অভিযোগ, ছাত্রাবাসের খাওয়ার মানও ভালো নয়। খেলাধুলা, পাঠাগার সুবিধাসহ বিনোদনের কোনো ব্যবস্থাও এখানে নেই।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুখতার আহমেদ ছাত্রাবাসগুলোর বিভিন্ন সমস্যার কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, শিক্ষাভবনটি চার বছর আগে থেকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে তা ভেঙে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষার্থীদের অনুরোধে তাঁদের সাময়িকভাবে মাদ্রাসার গুদামঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে। মাঠের পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময় এখানে জলাবদ্ধতা দেখা দেয়। অধ্যক্ষ জানান, আপাতত প্রতিদিন পাম্পের সাহায্যে ছাত্রাবাস থেকে পানিনিষ্কাশনের ব্যবস্থা করা হবে। পাঁচতলা ভবনের ওপরের কক্ষগুলো তৈরি হয়ে গেলে ছাত্ররা সেখানে থাকার সুযোগ পাবেন।