গুদাম খালি নেই, খোলা আকাশের নিচে সারের স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুদামের ভেতর জায়গা নেই। তাই সারের বস্তাগুলো স্তূপ করে রাখা হয়েছে গুদামের পাশে খালি জায়গায়। বাজারে সারের চাহিদা না থাকায় সার বিতরণ করা হয়নি। ত্রিপল দিয়ে কিছু সারের বস্তা ঢেকে রাখা হলেও অনেক বস্তা পড়ে রয়েছে খোলা আকাশের নিচে।গতকাল সোমবার ফরিদপুর শহরের টেপাখোলা সারের গুদামে গিয়ে এ দৃশ্য দেখা যায়। বেশ কয়েকটি সারবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে খালি হওয়ার অপেক্ষায়। গুদামসংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠান হ্যাপি ট্রেডার্সের মালিক আবুল হাশেম জানান, মাঝেমধ্যে সার নিয়ে আসা ২৫-৩০টি ট্রাক খালি হওয়ার অপেক্ষায় রয়েছে।ফরিদপুর সারের গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা (ইনচার্জ) মোজাম্মেল হক জানান, ফরিদপুরে তিনটি সারের গুদামের ধারণক্ষমতা চার হাজার মেট্রিক টন। গতকাল পর্যন্ত গুদামে মোট ইউরিয়া সার মজুদ ছিল ১৬ হাজার মেট্রিক টন। এতে স্বাভাবিকভাবেই বাকি ১২ হাজার মেট্রিক টন সার বাইরে খোলা জায়গায় রাখতে হচ্ছে। দুই মাস ধরে দেশে সারের চাহিদা কম থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, বাইরে রাখা সারের বস্তাগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়, তাই নষ্ট হওয়ার আশঙ্কা নেই।ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ আলম বলেন, ‘গতবার কৃষকদের চাহিদা অনুযায়ী ইউরিয়া সার দিতে পারিনি। এ বছর তাঁদের সারের চাহিদা পুরোপুরি মেটানো হবে। চাহিদা অনুযায়ীই সার এসেছে।’ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, ফরিদপুরে সারের মোট চাহিদা ৬৫০ মেট্রিক টন। রবি মৌসুমে সার বেশি লাগে না বলে গত দুই মাসে এসব সার জমে গেছে। চট্টগ্রাম ও মংলা থেকে জানুয়ারির চালানও এসে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সামনে বোরো মৌসুম। এ সময় সার বেশি লাগে।