সরকার নির্ধারিত ৪৮ টাকা কেজির চিনি জয়পুরহাট চিনিকলের গুদাম থেকে বাজারে এসে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিলাররা কেজিপ্রতি দুই টাকা লাভে বিক্রি করলেও সাধারণ ক্রেতাদের কিনতে হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ডিলারদের দাবি, হাতবদলের কারণেই চিনির দাম খুচরা বাজারে বেড়েছে। দাম বেড়ে যাওয়ায় জয়পুরহাট চিনিকল এক কেজির প্যাকেটজাত চিনি ৫২ টাকা দামে খোলাবাজারে বিক্রি শুরু করেছে।
জয়পুরহাট চিনিকল সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ আখমাড়াই মৌসুমে ৪৪ হাজার ৩০৫ মেট্রিক টন আখমাড়াই করে ৩ হাজার ৪২ দশমিক ৭৫ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। আর ২০১৪-১৫ মাড়াই মৌসুমের চিনিসহ চিনিকলে চিনি মজুত রয়েছে ৬ হাজার ৪৯১ মেট্রিক টন। যার দাম ৩১ কোটি ১৫ লাখ ৩৮ হাজার টাকা। চিনিকল ১৭ জন পাইকারি ডিলার ও ১২ জন স্থানীয় খুচরা ডিলারের কাছে চিনি বিক্রি করে। চলতি বছরের মে মাসে ডিলারদের ১০৫ মেট্রিক টন চিনি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ৩০ মে পর্যন্ত আটজন ডিলার ১৬ মেট্রিক টন চিনি উত্তোলন করেছেন। বাজারে খুচরা চিনি বিক্রেতারা অভিযোগ করেন, বেসরকারি কোম্পানির চিনির দাম বেড়ে যাওয়ায় চিনিকলের ডিলাররাও বেশি দামে চিনি বিক্রি করছেন। ব্যবসায়ীরা ডিলারদের কাছ থেকে ৫৬ টাকা কেজি দরে কিনে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন। আর আখচাষিদের নামে বরাদ্দকৃত ৬০০ মেট্রিক টনের মধ্যে ২০০ মেট্রিক টন চিনি বিক্রি হয়েছে।
চিনিকলে আখ সরবরাহকারী আখচাষিদের পাওনা চিনি বাজারে বিক্রি না হলে জয়পুরহাটে চিনির দাম আরও বেড়ে যেত বলে ব্যবসায়ীরা জানান। চিনির দাম বাড়ায় কৃষকেরা ব্যবসায়ীদের কাছে চিনির টোকেন বিক্রি করছেন। ওই টোকেন নিয়ে ব্যবসায়ীরা চিনিকলের গুদাম থেকে চিনি তুলে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
গত মঙ্গলবার জয়পুরহাট চিনিকলে গিয়ে দেখা যায়, সদর উপজেলার হাতিল গাড়িয়াকান্ত গ্রামের এমদাদুল হক কৃষকের কাছ থেকে চিনির রশিদ কিনছেন। পরে ওই রসিদমূলে চিনিকল থেকে তাঁরা চিনি তুলে তা ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন। সদরের চকগোপাল গ্রামের কৃষক মোজাফ্ফর হোসেন বলেন, তিন-চার বছর থেকে চিনির রসিদ ব্যবসায়ীরা কেনেন। এবার দাম বাড়ায় আখচাষির চিনির রসিদ কেনার হিড়িক পড়েছে।
শহরের হাসান ট্রেডার্সের ব্যবসায়ী সাজেদুর রহমান ও সাহা ট্রেডার্সের মালিক সীতারাম সাহা বলেন, চিনিকলের ডিলারদের কাছ থেকে ৫০ কেজি ওজনের এক বস্তা চিনি কিনছেন ২ হাজার ৯০০ টাকা এবং বেসরকারি চিনির মিলের চিনি ২ হাজার ৯২০ টাকা দামে কিনছেন। খরচ বাদে তাঁরা ২ টাকা লাভে ৬০ টাকা কেজি দরে জয়পুরহাট চিনিকলের চিনি বিক্রি করছেন। চিনির সরবরাহ না থাকায় এক সপ্তাহ থেকে দাম বেড়েছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. গোলাম মোস্তফা কামাল বলেন, তাঁরা একসময় মাইকিং করে চিনি বিক্রি করতে পারেননি। দাম বাড়ায় আখচাষি, ব্যবসায়ীসহ সবাই এখন চিনি কিনতে আসছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের নির্দেশে গতকাল বুধবার থেকে জয়পুরহাট শহরে মিলের এক কেজির প্যাকেট ৫২ টাকা কেজি দরে প্রথম দিন তিন টন চিনি বিক্রি করেছেন। আখচাষিদের নামে বরাদ্দ ছয় শ মেট্রিক টন চিনির মধ্যে ইতিমধ্যে ২০০ টন চাষিদের কাছে বিক্রি করা হয়েছে।