গুদাম থেকে মালামাল পাচারের অভিযোগে প্রকৌশলী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের এক প্রকৌশলীকে পরিত্যক্ত মালামাল (রেললাইন) পাচারের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার একটি গুদাম থেকে রেলওয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ওই দিনই সাময়িক বরখাস্ত করা হয়। গ্রেপ্তার হওয়া ওই প্রকৌশলীর নাম আবদুর রশিদ। তিনি সান্তাহার রেলস্টেশনে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) হিসেবে কর্মরত ছিলেন। আটক করা মালামালের দাম প্রায় তিন লাখ টাকা হবে বলে জানা গেছে।রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সান্তাহার কার্যালয়ের প্রধান পরিদর্শক (সিআই) আবু হেনা শাহ কামাল জানান, গতকাল সকাল আটটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে একটি ট্রাক্টরে বোঝাই করা রেলের লাইন আটক করা হয়। এ সময় ওই প্রকৌশলী মালামাল নিয়ে যাওয়ার অনুমতিবিষয়ক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আবদুর রশিদ জানান, রানীনগর রেলওয়ে স্টেশনমাস্টারের অনুরোধে সেখানে বেড়া দেওয়ার কাজ করার জন্য মালগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। রানীনগর রেলওয়ের স্টেশনমাস্টার তছলিম বলেন, ‘অনেক দিন আগে প্রকৌশলী আবদুর রশিদকে বলেছিলাম। কিন্তু তিনি কাজ করে দেননি। রোববারের এই ঘটনা তিনি জানেন না এবং কোনো চাহিদাপত্রও দেননি।’ ট্রাক্টরচালক শাহীন বলেন, ‘রেলওয়ে কার্যবিভাগের কর্মচারী বারিক তাঁকে নওগাঁর কাঁঠালতলী এলাকার জনৈক শামীমের চালকলে রেললাইনগুলো নিয়ে যাওয়ার জন্য ৭৫০ টাকায় ভাড়া করেন। কিন্তু রাস্তায় কেউ জিজ্ঞেস করলে এগুলো রানীনগর রেলস্টেশনে যাবে বলে তাঁকে জানাতে বলা হয়।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেললাইনগুলো সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের হেফাজতে নিয়েছে। একই সঙ্গে ট্রাক্টরচালক শাহীন ও তাঁর সহকারী এবং প্রকৌশলী আবদুর রশিদকে গ্রেপ্তার দেখিয়ে নিরাপত্তা বাহিনী তাদের হেফাজতে রেখেছে। এ ব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সান্তাহার চৌকির সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান আলী তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী (কার্য) আহমেদ হোসেন জানান, প্রকৌশলী আবদুর রশিদকে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) আহমেদুল্লাহ্ সাময়িক বরখাস্ত করেছেন বলে তাঁকে জানিয়েছেন। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে ওই প্রকৌশলীর বিরুদ্ধে রেলওয়ে আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।