গুদাম রক্ষকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহিপাল সার গুদাম রক্ষক ও সহকারী পরিচালকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাইয়ের বিরুদ্ধে এক হাজার চার শত মেট্রিক টন সার আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এই সারের মূল্য ধরা হয়েছে পাঁচ কোটি চার লাখ টাকা।

বিএডিসি (সার) নোয়াখালীর যুগ্ম পরিচালক মো. ইসবাত বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ফেনী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক তালেবুর রহমান, বিএডিসি (সার) ফেনীর উপপরিচালক রুহুল আমিন উপস্থিত ছিলেন।
মামলাটি নোয়াখালীর দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে। মামলার অভিযোগে জানা যায়, বিএডিসি মহিপাল সার গুদাম রক্ষক ও সহকারী পরিচালকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই ২০১০ সালের ৩০ মার্চ থেকে ২০১৬ সালের ৩ আগস্ট পর্যন্ত ফেনীর মহিপালে সর্ববৃহৎ সার গুদামের দায়িত্বে নিয়োজিত ছিলেন। গত ২ মার্চ বিএডিসির প্রধান কার্যালয় থেকে ফেনীর মহিপাল সার গুদামের হিসাব ও তথ্য উপাত্ত নীরিক্ষণের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি এক হাজার চার শত তের মেট্রিক টন সারের কোনো হদিস পায়নি। যার মূল্য ধরা হয়েছে পাঁচ কোটি চার লাখ পঞ্চাশ হাজার ৯৪০ টাকা।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বিএডিসির সার আত্মসাতে অভিযোগে থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মামলাটি দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক তদন্ত করবেন।