গুদামঘর থেকে অবশেষে নতুন ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা মৎস্য দপ্তরের কার্যক্রম চলছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের একটি পরিত্যক্ত গুদামঘরে। ১৫ বছর আগেই ভবনটি ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বৃষ্টি হলে দপ্তরের মূল্যবান কাগজপত্র ভিজে যেত। তবে এখন ঝূঁকিপূর্ণ ভবন থেকে নবনির্মিত ভবনে স্থানান্তরিত হয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
৯ এপ্রিল দীঘিনালায় মৎস্য ভবন ও প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন মানসম্মত মৎস্যবীজ ও পোনা উৎপাদন প্রকল্পের পরিচালক জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক যুগলপদ দে, জেলা মৎস্য কর্মকর্তা মানিক মিয়া, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা প্রমুখ।
অর্বনা চাকমা বলেন, ‘আমরা বহু বছর ধরে ঝূঁকিপূর্ণ ভবনে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে আসছি। ঝোড়ো হাওয়া বইলে দেয়ালের পলেস্তরা খসে পড়ত। বৃষ্টি হলে পানি পড়ে দাপ্তরিক কাগজপত্র ভিজে নষ্ট হয়ে যেত। বিষয়টি নিয়ে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর আমি সেটি মহাপরিচালকের দপ্তরে জমা দিই। তাঁরা সরেজমিন এসে প্রতিবেদনের সত্যতা পেয়ে কোটি টাকা ব্যায়ের এই মৎস্য ভবনটি নির্মাণ করে দিয়েছেন।’
মানসম্মত মৎস্যবীজ ও পোনা উৎপাদন প্রকল্পের পরিচালক জাকির হোসেন জানান, প্রকল্পের আওতায় সারা দেশে ৪১টি উপজেলায় ১২৮ কোটি টাকা ব্যয়ে উপজেলা মৎস্য ভবন ও প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। তিন পার্বত্য জেলার মধ্যে শুধু খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলায় এ প্রকল্পের আওতায় ভবন নির্মাণ করা হয়েছে। এখান থেকে চাষিরা প্রশিক্ষণসহ মাছ চাষের জন্য নানা পরামর্শ পাবেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২২ এপ্রিল প্রথম আলোর চট্টগ্রামবিষয়ক ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামের (বর্তমানে আমার চট্টগ্রাম) পাতায় ঝুঁকিপূর্ণ প্রশাসনিক ভবন শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।