ঢাকার আশুলিয়ার পুকুরপাড় বড় রাঙ্গামাটিয়া এলাকায় একটি কেমিক্যাল কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে। কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে গ্রিন ওয়েল কারখানার দ্বিতীয়তলা ভবনের নিচতলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ডিইডিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠানের মালিক এন্ডি চেন বলেন, আগুনে কাগজের তৈরি বাক্স, কস্টিক সোডা, সোডিয়াম সালফাইটসহ বিভিন্ন ধরনের কাঁচামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। আর কত ক্ষতি হয়েছে তাও এই মুহূর্তে বলা সম্ভব নয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।