গুদামে আগুন তিন হাজার মণ পাট ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার তমালতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার আগুন ধরে একটি পাটের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় তিন হাজার মণ পাট পুড়ে ছাই হয়েছে। আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গুদামের মালিক।
জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রুহুল কুদ্দুস বলেন, ধারণা করা হচ্ছে, বৃষ্টিপাতের সময় বজ্রপাতের কারণে গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে জামালপুরে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে পাট ব্যবসায়ী আমজাদ হোসেনের একটি গুদামে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রায় তিন হাজার মণ পাট পুড়ে যায়। খবর পেয়ে জামালপুরের তিনটি, মেলান্দহ উপজেলার একটি ও শেরপুরের একটি ফায়ার সার্ভিসের ইউনিটের কর্মীরা এসে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গুদামের মালিক আমজাদ হোসেন বলেন, বৃষ্টিপাতের সময় স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি গুদামে আগুন লাগার কথা জানতে পারেন।