গুদামে চাল না দিয়েই টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ না করেই ব্যাংক থেকে সাড়ে ছয় লাখ টাকা তুলে তা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নাগবাড়ি বাজারের রাবেয়া চালকলমালিক আবদুল হামিদকে (৫৫) গ্রেপ্তার করেছে।পুলিশ, সাদুল্যাপুর উপজেলা খাদ্য কর্মকর্তা ও সোনালী ব্যাংক সাদুল্যাপুর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করার পর ওজনমান মজুত সনদ ফরম পূরণ করে ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধ করার নিয়ম। কিন্তু গুদামে সরবরাহ না করেই গত ২৬ ফেব্রুয়ারি সাদুল্যাপুর শাখা থেকে ২৫ মেট্রিক টন চালের মূল্য বাবদ ছয় লাখ ৫০ হাজার টাকা তোলা হয়। উপজেলার মেসার্স জোবেদা রাইস মিলের মালিক জাকিউল হকের নামে এই টাকা তুলে নেন আবদুল হামিদ। জাকিউল হক বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’সোনালী ব্যাংক কর্তৃপক্ষ গত ৪ মার্চ টাকা আদায়ের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে চিঠি দিলে ঘটনাটি প্রকাশ পায়। এ ঘটনায় উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে রাহাত বাদী হয়ে আবদুল হামিদসহ চারজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় ৬ মার্চ মামলা করেন। ওই দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।উপজেলা খাদ্য কর্মকর্তা শাহ আলম জানান, আবদুল হামিদ খাদ্যগুদাম থেকে ওজনমান মজুত সনদ ফরম চুরি করেছেন। তিনি সিল ও সই জাল করে এই টাকা তুলেছেন। ওজনমান মজুত সনদ ফরম চুরির পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কি না, জানতে চাওয়া হলে শাহ আলম বলেন, ‘জিডি না করে আমাদের ভুল হয়েছে।’ নুরে রাহাতও একই কথা বলেন।নাম প্রকাশ না করার শর্তে চালকলের এক মালিক জানান, যে ফরম ব্যবহার করে লাখ লাখ টাকা দেওয়া হয়, তা চুরি যাওয়ার দাবি অযৌক্তিক। কারণ, খাদ্য বিভাগ ব্যাংকের কতিপয় কর্মকর্তা ও চালকলের ওই মালিক যোগসাজশ করে টাকা আত্মসাতের জন্য এ ঘটনা ঘটিয়েছেন।সোনালী ব্যাংক সাদুল্যাপুর শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান দাবি করেন, এ ঘটনায় ব্যাংকের কেউ জড়িত নন। খাদ্যগুদাম থেকে ওজনমান মজুত সনদ ফরম চুরি হওয়ার ঘটনাটি ব্যাংকে মৌখিক কিংবা লিখিতভাবে জানানো হয়নি। ক্রম অনুযায়ী বিলের ফরম এবং কর্মকর্তার সিল ও সই সঠিক ছিল বলে টাকা দেওয়া হয়েছে। পরে ব্যাংক থেকে যখন খাদ্য বিভাগে চিঠি পাঠানো হয়, তখন তাঁরা জানতে পারেন যে চাল সরবরাহ না করেই হামিদ টাকা তুলেছেন। এ কারণে তাঁরা হামিদকে পুলিশে সোপর্দ করেন।