গুদামে জায়গা-সংকট, চাল সংগ্রহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সরকারি খাদ্যগুদামে জায়গা সংকটে জেলায় বোরো ধান-চাল সংগ্রহ অভিযান বন্ধ হয়ে গেছে। এতে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিকারী চালকল মালিকেরা গুদামে চাল সরবরাহ করতে না পারায় অর্থ সংকটে পড়বেন বলে আশঙ্কা দেখা দিয়েছে।
গুদামে চাল সরবরাহ করতে না পারায় চালকল মালিকেরা কৃষকের কাছ থেকে চাল কেনাও বন্ধ করে দিয়েছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৭ হাজার ৬২২ মেট্রিক টন। পাশাপাশি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ২৫৯ মেট্রিক টন। গত ১ মে থেকে ধান-চাল সংগ্রহের সরকারি ঘোষণা থাকলেও ঠাকুরগাঁওয়ে ২৫ মে থেকে এ কার্যক্রম শুরু হয়। গত ২২ জুন পর্যন্ত জেলায় চাল সংগ্রহ হয় ১৫ হাজার ১৬৮ মেট্রিক টন।
জেলায় ১২টি সরকারি খাদ্যগুদাম (লোকাল স্টোরেজ ডিপো) রয়েছে। এসব গুদামের ধারণক্ষমতা ৪২ হাজার মেট্রিক টন। তবে জরুরি প্রয়োজনে আরও ২৫ ভাগ বেশি খাদ্যশস্য মজুত করা যায়। বর্তমানে গুদামে ৫৮ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। ফলে কিছু চাল সংগ্রহের পর এ কার্যক্রম বন্ধ রয়েছে।
ঠাকুরগাঁও শহরের চালকল মালিক হায়দার আলী বলেন, ‘ব্যাংকঋণ ও নগদ টাকায় কেনা আট হাজার মণ ধান আমার মিলে মজুত আছে। ধানগুলো চাল করে গুদামে দিতে পারলে ব্যাংকের সুদের বোঝা কমাতে পারতাম। চাল সংগ্রহ কার্যক্রম বন্ধ থাকায় আমরাও হাত গুটিয়ে বসে আছি।’
জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, ‘চালকলগুলোতে প্রচুর চাল মজুত আছে। গুদামে ঢোকাতে না পারায় বিল করতে পারছেন না।’
জেলা খাদ্যনিয়ন্ত্রক চৌধুরী মোবাচ্ছের হোসের খান বলেন, গুদামে জায়গা সংকটে চাল সংগ্রহ অভিযানে সাময়িক ব্যাঘাত ঘটলেও গুদাম ফাঁকা করে তা আবার শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।