গুদামে প্রভাবশালীদের গম বঞ্চিত প্রকৃত কৃষক
কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে গম না কিনে আওয়ামী লীগের নেতা, সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চেয়ারম্যানসহ প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে কেনার অভিযোগ উঠেছে। এতে গমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর রৌমারীতে ৯৬১ মেট্রিক টন ও রাজীবপুরে ৭৫১ মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত রৌমারীতে ১৮০ মেট্রিক টন ও রাজীবপুরে ২০১ মেট্রিক টন গম কেনা হয়েছে। ৩১ মে কেনার শেষ সময়। সরকারি বিধিতে সরাসরি কৃষকের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে গম কেনার কথা বলা হয়েছে। একজন কৃষক ৫০০ থেকে ৩ হাজার কেজি পর্যন্ত গম গুদামে দিতে পারবেন।
রৌমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবিদ শাহরিয়ার বলেন, ‘গুদামে গম দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে ৪৮০ টন, জাতীয় পার্টির (জাপা) জন্য ২৫, জাতীয় পার্টির (জেপি) জন্য ২৫, উপজেলা পরিষদের চেয়ারম্যানের নামে ১০০, সাংসদের নামে ১০০, ইউএনওর ভাগে ৫০, উপজেলা কৃষি কর্মকর্তার ভাগে ২০, উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের ভাগে ২০, মুক্তিযোদ্ধা সংসদের নামে ২০, উপজেলা ভাইস চেয়ারম্যান দুজনের নামে ২০, চাতাল মালিক সমিতির জন্য ২১, কথিত সাংবাদিকদের নামে ২০ এবং ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের ভাগে ৬০ টন বরাদ্দ করা হয়েছে। প্রকৃত কৃষকের ভাগে এক ছটাক গমও রাখা হয়নি।’
রাজীবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম বলেন, ‘এখানে তো অনেক কৃষক গুদামে গম দিয়েছে। শুধু আমার বিরুদ্ধে অভিযোগ কেন?’ রাজীবপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ‘কৃষক পরিচয়ে যাঁরা গুদামে গম দিচ্ছেন, তাঁদেরটা গ্রহণ করা হচ্ছে।’ রৌমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর বলেন, ‘এখানে আমাদের করার কিছুই নেই। আওয়ামী লীগ যাঁদের তালিকা দেবে, তাঁদের কাছ থেকে গম নিতে আমরা বাধ্য হচ্ছি।’
রৌমারী ও রাজীবপুর উপজেলা খাদ্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ মোস্তফা বলেন, ‘অভিযোগকারীরাও ভাগ পেয়েছে। তবে বাঁটোয়ারায় কমবেশি হওয়ার কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আমরা ক্রয় কমিটির সুপারিশ ছাড়া এক ছটাক গমও কিনিনি।’
রৌমারীর ইউএনও আবদুল্লাহ আল মামুন তালুকদার বলেন, ‘আমি গুদামে গম বিক্রি করিনি। গম সংগ্রহ অভিযান নিয়ে নানা অনিয়মের অভিযোগ পেয়েছি। কিন্তু আওয়ামী লীগের নেতারা হুমকি দিয়েছে এ নিয়ে বাড়াবাড়ি না করতে। তাই একরকম বিপদেই আছি।’ রাজীবপুরের ইউএনও নাসির উদ্দিন বলেন, ‘অনিয়মের অভিযোগ শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’