গুদামে পড়ে আছে টিসিবির পণ্য, তুলছেন না ডিলাররা
বরিশালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৫৪ ডিলারের মধ্যে মাত্র ৪৫ জন পণ্য উত্তোলন করেছেন। অন্যরা খুচরা বাজারের চেয়ে দাম বেশি—এ অজুহাতে টিসিবির পণ্য তুলছেন না। ফলে গুদামে পড়ে আছে এসব পণ্য।টিসিবি বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি কিস্তিতে একজন ডিলার তিন থেকে পাঁচ টন চিনি, ৩০০ কেজি করে খেজুর, ছোলা ও মসুর ডাল এবং সয়াবিন তেল খোলা (ড্রামে) ৪০৬ লিটার ও বোতলজাত ১০০ লিটার উত্তোলন করতে পারেন। এবার রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে ১৫৪ জন ডিলারের জন্য প্রথম কিস্তিতে ৬৭০ টন চিনি, ৭৫ টন ছোলা, ৩০ টন খেজুর, আড়াই লাখ লিটার সয়াবিন তেল এবং ৫১ টন মসুর ডাল ডিলারদের জন্য বরাদ্দ রাখা হয়। গত বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত মাত্র ৫০ জন ডিলার তাঁদের বরাদ্দ পণ্য উত্তোলন করেছেন। ১০৪ জন পণ্য তোলেননি।এদিকে গত বৃহস্পতিবার নগরের যে ১৪ জন ডিলার পণ্য উত্তোলন করেছেন, তাঁদের মধ্যে দু-একজন ছাড়া অধিকাংশের দোকানে পণ্যের দাম লেখা ব্যানার দেখা যায়নি। কোথায় তাঁদের দোকান তা-ও জানে না ক্রেতারা।মোল্লা এন্টারপ্রাইজের মালিক শাহিন মোল্লা বলেন, টিসিবির খেজুরের মান খুবই খারাপ। চিনি ছাড়া অন্যান্য পণ্যের দামও বেশি। তাই সমস্যা হচ্ছে। দোকানের সামনে ব্যানার নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘লাল কাপড় আছে, এখন মাল নাই, তাই কাপড় টানানো নেই।’ ডিলাররা জানান, খোলা বাজারের চেয়ে টিসিবির পণ্যের মূল্য বেশি। টিসিবির খেজুর ডিলারদের দেওয়া হচ্ছে ৭৬ টাকা কেজি হিসেবে। আর মসুর ডাল ১০২ টাকায়। অথচ বাজারে এর চেয়ে কমে ক্রেতারা এগুলো কিনতে পারে। পণ্য উত্তোলন না করার কারণ জানতে চাইলে নিপা এন্টারপ্রাইজের মালিক নাজমুল হাসান বলেন, ‘টিসিবির পণ্য তুলে বিক্রি করতে পারলে কিছুটা লাভ থাকত। দোকান ভাড়া নিয়ে খুচরা বাজারে বিক্রি করলে লোকসান হয়। তাই পণ্য উত্তোলন করি না।’কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশালের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত জানান, যারা পণ্য তুলেছেন, তাঁদের দোকানের সামনে টিসিবির দেওয়া ব্যানার না থাকায় অনেক ক্রেতা জানেও না কোথায় টিসিবির পণ্য দেওয়া হয়।টিসিবির বরিশাল অঞ্চলের কর্মকর্তা ইসমাইল মজুমদার বলেন, ‘খেজুর ও মসুর ডালের দাম একটু বেশি—এটা ঠিক। তবে পণ্যের মান অনেক ভালো। বরিশাল অঞ্চলের ১৫৪ জন ডিলারের মধ্যে ৫০ জন পণ্য সংগ্রহ করেছেন।’ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে তিনি জানান, যাঁরা পরপর দুবার পণ্য উত্তোলন না করবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রীতি আছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।