গুদামে মজুত ১২০০ মেট্রিক টন গম পোকায় খাচ্ছে
পিরোজপুর জেলার ছয়টি খাদ্যগুদামে মজুত করা ১ হাজার ২১০ মেট্রিক টন গম নষ্ট হয়ে যাচ্ছে। এক বছরের বেশি সময় ধরে গুদামে বস্তাভর্তি অবস্থায় পড়ে থাকা সাড়ে তিন কোটি টাকা দামের এসব গম পোকার আক্রমণে খাওয়ার অনুপযোগী হয়ে পড়ছে।
জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মনতোষ কুমার মজুমদার বলেন, উপজেলায় রেশনিং ব্যবস্থা চালু না থাকা এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) প্রকল্পগুলোয় খাদ্যশস্য বরাদ্দ না দেওয়ায় গুদামে মজুত গম ব্যবহার করা যাচ্ছে না। তা ছাড়া গমগুলো নিম্নমানের হওয়ায় পোকায় খেয়ে নষ্ট করছে। কীটনাশক ব্যবহার করেও পোকার আক্রমণ থেকে গম রক্ষা করা যাচ্ছে না।
খাদ্য বিভাগ সূত্র জানায়, ২০১৫ সালে আর্জেন্টিনা থেকে আমদানি করা গম থেকে ১ হাজার ২১০ মেট্রিক টন গম জেলার ছয়টি খাদ্যগুদামে মজুত করা হয়। এর মধ্যে ২০১৫ সালের অক্টোবরে কাউখালী উপজেলার খাদ্যগুদামে ২০৭, ভান্ডারিয়া উপজেলার খাদ্যগুদামে ২৫৩ ও মঠবাড়িয়া উপজেলার খাদ্যগুদামে ১৭৬ মেট্রিক টন গম মজুত করা হয়। একই বছরের সেপ্টেম্বরে মঠবাড়িয়ার তুষখালী খাদ্যগুদামে ২৮০ ও নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী খাদ্যগুদামে ১৮১ এবং জুনে নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট খাদ্যগুদামে ১১৩ মেট্রিক টন গম মজুত করা হয়। এসব গম নিম্নমানের হওয়ায় পোকায় আক্রমণ করেছে। বস্তাভর্তি গম পোকায় খেয়ে গুঁড়া করে ফেলেছে।
কাউখালী উপজেলা খাদ্য পরিদর্শক ফারুক হোসাইন বলেন, আর্জেন্টিনার থেকে আমদানি করা গমগুলো নিম্নমানের ছিল। কীটনাশক ব্যবহার করেও পোকার আক্রমণ থেকে গম রক্ষা করা যায়নি। সময় যত গড়াচ্ছে, গমের গুণগত মান নিম্নমুখী হচ্ছে।
ইন্দেরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ বলেন, দেড় বছর ধরে খাদ্যগুদামে ১১৩ মেট্রিক টন গম মজুত রয়েছে। টিআর ও কাবিখা প্রকল্পে এখন খাদ্যশস্য বরাদ্দ না দেওয়ায় গমগুলো পড়ে আছে। দীর্ঘদিন এভাবে পড়ে থাকলে গমের
গুণগত মান আরও কমে যেতে পারে।
খাদ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, প্রতি মেট্রিক টন গমের বর্তমান বাজারমূল্য ২৮ হাজার ৯৯৪ টাকা। সে হিসাবে ১ হাজার ২১০ মেট্রিক টন গমের দাম ৩ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৭৪০ টাকা। সাড়ে তিন কোটি টাকার গম সুরক্ষায় সরকারিভাবে তেমন উদ্যোগ নেই। পোকা দমনে কীটনাশক সরবরাহ না থাকায় গুদামের কর্মকর্তারা নিজেদের টাকায় কীটনাশক কিনে পোকা দমন করছেন। দ্রুত গমগুলো পোকার আক্রমণ থেকে রক্ষা করা দরকার।
মনতোষ কুমার মজুমদার গতকাল মঙ্গলবার বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কয়েক দফায় চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ জানুয়ারি মাসের শুরুতে চিঠি দিয়েছি। কিন্তু এখনো জবাব আসেনি।’