গুদামের জমিতে দোকান নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়ায় খাদ্যগুদামের জায়গা দখল এবং খাল ভরাট করে দোকানঘর নির্মাণ করা হয়েছে। এতে গুদামে মালামাল ওঠানো-নামানোয় সমস্যা হচ্ছে। স্থানীয় কয়েকজন এগুলো নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে, গুদামের নৌপথ (মাল খালাসের গেট) আটকে ছয়-সাতটি দোকান নির্মাণ করা হয়েছে। এ জন্য স্থানীয় একটি খালও ভরাট করা হয়েছে। এতে গুদামে মালামাল ওঠানো-নামানোর বর্ষা মৌসুমে ব্যবহারের উপযোগী নৌপথটি বন্ধ হয়ে গেছে। ঘরগুলো নির্মাণ করায় সাফলীডাঙ্গা-রামদিয়া সড়কে নির্মাণ করা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) একটি সেতু হুমকির মুখে পড়েছে। রামদিয়া বাজারের ব্যবসায়ী লিপু শেখ অভিযোগ করেন, রামদিয়া খাদ্যগুদামের ২ নম্বর গেটের পাশের এলজিইডির সেতুসংলগ্ন এলাকায় আরসিসি পিলার বসিয়ে স্থানীয় এক ব্যবসায়ী ঘর তুলেছেন। এ কারণে বর্ষা মৌসুমে নৌপথে মালামাল ওঠানো-নামানো আর সম্ভব হবে না। রামদিয়া বাজারের অপর ব্যবসায়ী শওকত আলী জানান, খাদ্যগুদামে দেয়াল ও সেতুর পিলারের নিচ দিয়ে আরসিসি পিলার বসিয়ে দোকানপাট নির্মাণ করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। গুদামের সরকারি জমিতে মাদ্রাসাশিক্ষক আ. হান্নান শেখ দোকান নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হান্নান শেখ দাবি করেন, ‘এ জমি আমি দলিল করে কিনে নিয়েছি। পরে আমরা খালে বাঁধ দিই। তখন অল্প অল্প পানি যেত। এরপর অন্য সবাই বাধা দেয়। এরপর গোপালগঞ্জ আদালতে মামলা করা হয় এবং মামলায় প্রমাণিত হয়, এটা খাল নয়। সেই থেকে আমরা এ জমি ভোগদখল করে আসছি।’রামদিয়া খাদ্যগুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) মো. সিরাজুল হক বলেন, ‘প্রভাবশালীরা রাতের বেলায় এসব জমি দখল করেছে। আমি তাদের বাধা দিয়েছিলাম। কিন্তু তারা আমার কথায় কোনো গুরুত্ব দেয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি এখনো লিখিতভাবে জানানো হয়নি।’জেলা খাদ্য কর্মকর্তা জসিম উদ্দীন মোহাম্মদ মাহমুদ বলেন, ‘আজই বিষয়টি ওসিএলএসডি আমাকে মোবাইলে জানিয়েছে। কিন্তু সে লিখিতভাবেজানায়নি। তবে আমি ইতিমধ্যে এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। কাশিয়ানী উপজেলা খাদ্য কর্মকর্তাকে জমি দখলের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’