চট্টগ্রামে পৌনে তিন লাখ ইয়াবা বড়ি আটকের ঘটনায় করা মামলায় গুদামের স্বত্বাধিকারী আবদুল মালেককেও আসামি করা হয়েছে। আবদুল মালেক পটিয়ার সাংসদ সামসুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত নুরুন রশিদের বাবা। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযানে নেমেছে। অন্যদিকে গ্রেপ্তার হওয়া চার আসামিকে গতকাল শনিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলেও রিমান্ডের শুনানি হয়নি। গত শুক্রবার রাতে কোতোয়ালি থানায় গ্রেপ্তার হওয়া চারজন ও মালেককে আসামি করে মামলাটি করা হয়। মামলার বাদী হয়েছেন র্যাব-১-এর ডিএডি জাহাঙ্গীর আলম।এদিকে সাংসদ সামসুল হক চৌধুরী পত্রিকা অফিসে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নুরুন রশিদ নামে তাঁর কোনো ব্যক্তিগত সহকারী বা সচিব নেই বলে দাবি করেছেন। জানা গেছে, মামলাটির তদন্তভার আপাতত পুলিশের হাতে রয়েছে। এ প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ‘আমরা আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়েছি। এ ছাড়া অপর আসামি মালেককে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি।’ আজ রোববার গ্রেপ্তার হওয়া চারজনের রিমান্ডের শুনানি হওয়ার কথা।প্রসঙ্গত, আবদুল মালেকের মালিকানাধীন গুদামটি কয়েক মাস আগে গ্রেপ্তার হওয়া আবদুর রশিদ ও তাঁর শ্যালক আতাউল করিম ভাড়া নেন। শুক্রবার ভোরে আছদগঞ্জের ওই গুদাম থেকে বরই ও তেঁতুলের বস্তা থেকে উদ্ধার করা হয় দুই লাখ ৭০ হাজার ইয়াবা। কক্সবাজারের টেকনাফ থেকে এই ইয়াবা আনা হয়েছিল।সংশোধনী: গতকাল শনিবার ইয়াবা আটক-সংক্রান্ত প্রতিবেদনে কোতোয়ালি থানার ওসি নাম আবদুর রউফ ছাপা হয়েছে। কিন্তু ওসির নাম হবে রফিকুল ইসলাম। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।