গুদাম-সংকট, খোলা আকাশের নিচে ৩০০০ বস্তা ইউরিয়া
জয়পুরহাটে এক মাস ধরে প্রায় তিন হাজার বস্তা ইউরিয়া সার খোলা আকাশের নিচে রাখা হয়েছে। সার রাখার জন্য জেলায় দুই হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি মাত্র গুদাম থাকায় বাড়তি সার এভাবেই খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে।
জেলা কৃষি বিভাগ, সার ডিলার ও গুদামসূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বরের পূর্ব পাশে বিএডিসির বাফার গুদাম রয়েছে। ওই গুদামের ধারণক্ষমতা মাত্র দুই হাজার মেট্রিক টন। সেখানে গাদাগাদি করে সাড়ে চার হাজার মেট্রিক টন ইউরিয়া সার রাখা হয়েছে। আর জায়গার অভাবে গুদামের সঙ্গে লাগোয়া উঠানে এক মাস ধরে খোলা আকাশের নিচে রাখা হয়েছে আরও তিন হাজার মেট্রিক টন বা ৫০ কেজি ওজনের ৬০ হাজার বস্তা ইউরিয়া। বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য ত্রিপল ও পলিথিন দিয়ে সেগুলো ঢেকে রাখা হয়েছে।
আট বছর ধরে গুদামে কাজ করছেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, প্রতি বর্ষা মৌসুমে বাইরে রাখা সার নিয়ে সবাই চিন্তিত থাকেন। হঠাৎ করে বৃষ্টি এলে সবাই দৌড়াদৌড়ি করে পলিথিন দিয়ে সার ঢেকে দেন।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, জেলায় চলতি আমন মৌসুমে প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন, বোরো মৌসুম, শীতকালীন সবজিসহ জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলা ও নওগাঁর দুটি উপজেলায় ইউরিয়ার চাহিদা ৫০ হাজার মেট্রিক টন।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি আবদুল হাকিম মণ্ডল জানান, দীর্ঘদিন থেকে সার গুদামের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন করা হয়নি। খোলা আকাশের নিচে ইউরিয়া রাখলে বস্তাপ্রতি ওজন দেড় থেকে দুই কেজি কমে যায়। ৫০ কেজি ওজনের বস্তা কিনে কৃষক ও ডিলাররা ক্ষতিগ্রস্ত হন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ জে এম ছাব্বির ইবনে জাহান জানান, জেলায় বাফার গুদাম অর্থাৎ আপৎকালীন ইউরিয়া সার মজুত রাখার জন্য ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি গুদাম জরুরিভিত্তিতে প্রয়োজন। গুদাম নির্মাণের জন্য কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে তাঁর আগের কর্মকর্তারা একাধিকবার আবেদন করেছেন। তবে, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।