গুদারাঘাট পদচারী-সেতু কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদচারী-সেতুটিতে ওঠার সিঁড়ির মুখ এবং সেতুর ওপরে ও আশপাশ ময়লা-আবর্জনায় ভরা। পাশেই গড়ে উঠেছে বেশ কিছু দোকান। মধ্য বাড্ডার গুদারাঘাটের এ পদচারী-সেতুটি আর ব্যবহৃতও হয় না। অথচ সরকারি অর্থ খরচ করে এই সেতু তৈরি করা হয়েছিল।

মধ্য বাড্ডার গুদারাঘাটের এ পদচারী-সেতু নিয়ে গত বছরের ৮ সেপ্টেম্বর প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছিল, অবৈধ দোকান গড়ে উঠেছে সেতুর পাশে। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। গতকাল সোমবার দুপুরে গিয়ে দেখা গেল, অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে সেতুটিতে লাল রং করা হয়েছে। ফুল গাছও লাগানো হয়েছে। পদচারী-সেতুটির সিঁড়ির গোড়া ফুটপাতের মাঝখানে। শুধু ফুটপাত ধরে সোজা হাঁটতে গেলে হয় রাস্তায় নামতে হবে, নয়তো ফুটপাতের গড়ে ওঠা দোকান ঘেঁষে যেতে হবে।

সেতুর নিচে আবর্জনা। পাশেই একটি হোটেল। সেখানকার সব ময়লার ভাগাড় হচ্ছে সেতুর নিচের অংশ। পদচারী-সেতুতে ওঠার সিঁড়ির মুখে পচা ডিম পড়ে আছে। ওপরে উঠতে উঠতে আরও মিলবে ডিম রাখার খাঁচা, ভাঙা ডিম ও তার খোসা ছড়ানো-ছিটানো। এ ছাড়া বিভিন্ন প্যাকেট পড়ে আছে। সেতুটি দেখলে বোঝা যাবে, এটি পরিষ্কার করা হয় না। সেতুর নিচেই সেলাই মেশিন নিয়ে বসেছেন সাইদুল ইসলাম। তাঁর কাছে জানতে চাওয়া হয়, পরিচ্ছন্নতাকর্মীরা আসেন কি না। সাইদুল বলেন, ‘কাউরে তো দেখি না পরিষ্কার করতে। এমনই পইড়া থাকে।’ সেতুর এক পাশে নার্সারি। উল্টো পাশে খাবার হোটেলসহ কয়েকটি চায়ের দোকান। খাবার হোটেলটি বেশ জায়গাজুড়ে গড়ে উঠেছে। সেতুর পাশে ফুটপাতে হোটেল করা প্রসঙ্গে জিজ্ঞেস করলে হোটেলের কেউ কথা বলেননি। স্থানীয় কয়েকজন বলেন, প্রায়ই এদের বলা হয় ওঠার জন্য। এরা সরে না। জায়গাটি নোংরা করে রেখেছে।