গুন্ডের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ

বলিউডের গুন্ডে ছবিতে মুক্তিযুদ্ধর ইতিহাসকে বিকৃত করায় প্রতিবাদ চলছে বাংলাদেশে। তবে এবার ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন কুড়িগ্রামের এক যুবক। ওই প্রতিবাদী যুবকের নাম আবদুল কাদের।
গুন্ডে ছবি বন্ধে প্রতিবাদ জানাতে আব্দুল কাদের জাতীয় পতাকা ও ফেস্টুন হাতে এক ঘণ্টা দাঁড়িয়েছিলেন। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি এ প্রতিবাদ জানান।
সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতীয় ছবি গুন্ডে। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন আলী আব্বাস জাফর। ছবির শুরুতেই অভিনেতা ইরফান খানের কণ্ঠে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর ১৯৭১ শেষ হলো ভারত-পাকিস্থানের তৃতীয় যুদ্ধ। প্রায় ৯০ হাজার পাকিস্তানি সেনা সেদিন আত্মসমর্পণ করে ভারতীয় সেনাবাহিনীর কাছে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণ। এই যুদ্ধের ফলে জন্ম নেয় এক নতুন দেশ বাংলাদেশ।
যুবক আবদুল কাদের বলেন, ‘ছবির ওই সব সংলাপ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার পাশাপাশি ইতিহাসকে বিকৃত করা হয়। আমাদের অহংকার মুক্তিযুদ্ধকে অবমাননা করার এখতিয়ার কারও নেই। এ ঘৃণ্য ও ইচ্ছাকৃত কাজের জন্য ছবিটি নিষিদ্ধ করা হোক। নইলে আমরা আদালতে যাব।’