গুপ্তঘাতক গ্রেপ্তারে খ্রিষ্টানদের তিনটি সংগঠনের দাবি

দেশে চলমান গুপ্তহত্যার প্রতিবাদ ও ঘাতকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনসহ তিনটি সংগঠন। এ ছাড়া জীবনের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
হত্যার বিরুদ্ধে ১৪ দলের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। কিন্তু কিছু কুচক্রী এ অবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে অশান্ত করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
সরকারের কাছে নিরাপত্তা চেয়ে বক্তারা বলেন, ‘আমরা নিরাপদ জীবনযাপন করতে চাই। উপাসনালয়ে নিরাপদে প্রার্থনা করতে চাই।’ সাম্প্রতিক সময়ে হত্যার বিরুদ্ধে মত প্রকাশ করার জন্য আলেমদের ধন্যবাদ জানান বক্তারা। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত গির্জা, প্যাগোডা, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে জানান বক্তারা।
মানববন্ধনে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, উপদেষ্টা হিউবার্ট গোমেজ, সাংগঠনিক সম্পাদক প্রলয় সমাদ্দার বাপ্পী, প্রচার সম্পাদক হেমন্ত আই কোড়াইয়া, সহসভাপতি সুধীন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া মানববন্ধনে দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ, ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকা ও ঢাকা ওয়াইএমসিএ অংশ নেয়।