গুপ্তধনের গুজবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়চূড়ায় গুপ্তধন! খনন করতে হবে ১০ ফুট মাটি। তারপরই মিলবে কাঙ্ক্ষিত সেই ধন! তবে এ জন্য অবলম্বন করতে হবে অতি সাবধানতা। ব্যতিক্রম হলেই ভয়াবহ বিপদ। ঘটতে পারে প্রাণহানির ঘটনাও।
সম্প্রতি চট্টগ্রামের টাইগারপাস পাহাড়ের চূড়ায় সিটি করপোরেশনের মেয়রের বাংলো নির্মাণের কাজ শুরু হওয়ার পর ছড়িয়ে পড়ে এ গুজব। ফলে গত বুধবার বাংলোর নির্মাণকাজ বন্ধ রাখা হয়।
করণীয় নির্ধারণ করতে গতকাল বৃহস্পতিবার সকালে মেয়রকে চিঠি দেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। বর্তমানে সেখানে নিরাপত্তার জন্য রাখা হয়েছে চার আনসার সদস্যকে।
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গার ওপর এই বাংলো নির্মাণে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ২০ লাখ টাকা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, মাটির নিচে ম্যাগনেট পিলার আছে, কয়েক দিন ধরে এ রকম গুজব ছড়িয়ে পড়ে। উত্তোলনে হেরফের হলে বিস্ফোরণ ঘটবে বলে ঘোষণা দেয় কিছু লোক। এ আতঙ্কে বুধবার নির্মাণকাজ বন্ধ রাখা হয়। তবে বৃহস্পতিবার সকালে নির্মাণকাজ শুরু হয়েছে।
প্রকৌশলী আনোয়ার হোসাইন জানান, এ ব্যাপারে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার মেয়রকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, গুজব প্রচারকারীদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।
গতকাল সরেজমিনে দেখা যায়, বাংলো নির্মাণের জন্য এক্সকাভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে। প্রায় তিন ফুট মাটি খনন করা হয়েছে। এ সময় সেখানে বেশ কিছু লোককে বসে থাকতে দেখা যায়। তাঁরাও গুজব শুনে এখানে হাজির হয়েছেন বলে জানান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন করপোরেশনের সহকারী প্রকৌশলী ফরহাদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, পাইলিংয়ের কাজ শুরু হওয়ার পরপরই পিলার থাকার গুজব ওঠে। কিন্তু খননকাজ চললেও এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি।
আনসার বাহিনীর সদস্য আক্তার হোসেন বলেন, ‘এ গুজবের পর আমরা চারজন সদস্য পালা করে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছি।’