গুপ্তধনের নামে জিনের বাদশাদের প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি জিনের বাদশা বলছি, আমাদের বাবা (জিনদের বাবা) খুশি হয়ে তোর নামে অনেক গুপ্তধন পাঠিয়েছেন। এসব নিতে তোকে জয়পুরহাটের কালাই উপজেলায় আল্লাহর মাজারে আসতে হবে। আসার সময় মাজারের সদকা বাবদ ২৩ হাজার টাকা সঙ্গে আনবি। এ টাকা মাজারে না দিলে তোর ছেলেমেয়ে, জামাই, নাতি-নাতনি কেউ বাঁচবে না। রক্তবমি করে সবাই মারা পড়বে।’ প্রায় আড়াই মাস আগে গভীর রাতে মধ্যবয়সী সালেহা বেগমের মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে এ ধরনেরই একটি কল আসে। ফোন পেয়ে গুপ্তধন পাওয়ার আশায় নরসিংদীর শিবপুর উপজেলার মধ্যনগর গ্রামের কুতুব উদ্দিনের স্ত্রী সালেহা বেগম গত ২৯ মে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে আসেন। এরপর বাজারের মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা সাদা ধবধবে পোশাকের কথিত জিনের বাদশার হাতে তুলে দেন ২৩ হাজার টাকা। ‘জিনের রাজ্যের’ মসজিদ সংস্কারের কথা বলে আদায় করেন ৩০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার। এর পরও জিনের বাদশাদের আবদার শেষ হয় না। অসমাপ্ত মসজিদ সংস্কারে আরও ৫১ হাজার টাকা দাবি করা হয়। বারবার টাকা নিয়েও গুপ্তধন না দেওয়ায় সালেহা বুঝতে পারেন এটা কোনো প্রতারক চক্রের কাজ। তিনি বিষয়টি জানান, তাঁর জামাতা নৌবাহিনীর কর্মকর্তা আবদুস সামাদকে। আবদুস সামাদ বিষয়টি র‌্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পকে জানালে কৌশলে গত ১১ আগস্ট র‌্যাব সদস্যরা হাতেনাতে দুই জিনের বাদশাকে আটক করে। তারা হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সুন্দরবাড়ি গ্রামের শাহিনুর ইসলাম ও বিশুবাড়ি গ্রামের সুজন মিয়া।শুধু নরসিংদীর সালেহা বেগম নন, তাঁর মতো অনেকেই মুঠোফোনে কথিত জিনের বাদশাদের প্রতারণার শিকার হচ্ছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রতারকচক্র নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় বসে দীর্ঘদিন ধরে অভিনব প্রতারণার এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে চক্রটি সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে।পুলিশ জানায়, জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার ঘটনায় মামলা ও অনেকে গ্রেপ্তার হয়েছে। প্রতারণার শিকার বগুড়ার সোনতলা উপজেলার শিমুলটাইর গ্রামের গৃহবধূ শিপন আকতার বলেন, টাকা না দিলে স্বামী-সন্তানের অমঙ্গল ও মাজার শরিফের গুপ্তধন পাওয়ার কথা শুনে তিনি কালাই উপজেলা মাত্রাই মাজার শরিফে কয়েক দফায় ১৭ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার তুলে দেন। পরে বিষয়টি বুঝতে পারলে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় হাতেনাতে জিনের বাদশাকে আটক করা হয়।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জিনের বাদশারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে কালাইয়ে এসে মুঠোফোনে প্রতারণা চালাচ্ছে। প্রতারকরা অন্য থানা এলাকার হওয়ায় তাদের মূল উৎপাটন করা যাচ্ছে না। গোবিন্দগঞ্জ থানার ওসি আক্কাস আলী বলেন, এখানকার গোটা একটি ইউনিয়নই জিনের বাদশা এলাকা নামে পরিচিত। যেখানেই তারা ধরা পড়ুক বা মামলা হোক, প্রতারকদের তালিকা পাঠানো হলে সে অনুযায়ী গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।