গুপ্তধনের লোভে টাকা দিয়ে বোকা বনলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনের বাদশার মাধ্যমে গুপ্তধন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কুড়িগ্রামে উলিপুরের মানুষের কাছ থেকে ১৩ লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে। চিকিৎসা দেওয়ার আড়ালে একজন কবিরাজ প্রতারণা করে টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার পুলিশ জেসমিন আক্তার নামের এই কবিরাজকে গ্রেপ্তার করেছে।জেসমিন আক্তারের বাড়ি উলিপুর উপজেলার কিসামত মধুপুর গ্রামে। তাঁর স্বামীর নাম আবদুর রাজ্জাক। তাঁরা লোকজনকে জন্ডিস ও যৌনরোগের চিকিৎসা দিতেন। প্রতারণা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।পুলিশ, এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, জেসমিন আক্তার ও তাঁর স্বামী আবদুর রাজ্জাক জিনের বাদশার মাধ্যমে গুপ্তধন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার, জানজায়গির, গোপিনাথপুর, ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর, মালতিবাড়ী, পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা ও তবকপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।গোপিনাথপুরের কৃষক আবুল হোসেন জানান, তাঁর মা আয়েশা বেগম কিছুদিন আগে জেসমিনের বাড়ি যান। এ সময় তাঁর মাকে একটি আপেল ও নারু (মিষ্টিজাতীয় খাবার) খেতে দেওয়া হয়। এগুলো খাওয়ার পর কবিরাজ যা বলেন, তিনি তাই করতে থাকেন। কবিরাজ তাঁর মাকে জানান, তাঁদের বাড়িতে সোনার টাকাভর্তি ২১টি পাতিল আছে। এ পাতিল পেতে হলে কবিরাজকে এক লাখ ৮০ হাজার টাকা দিতে হবে। তাঁর মা সেই অনুযায়ী কবিরাজকে এই টাকা দেন।কামাল খামার মৌলভীপাড়া গ্রামের মৃত শাহাজাহানের স্ত্রী সবেজান বেওয়া জানান, গুপ্তধন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে দুই লাখ ৭০ হাজার টাকা নিয়েছেন জেসমিন ও তাঁর স্বমী। তাঁরা একই গ্রামের ফাতেমা বেগমের এক লাখ ৫০ হাজার, কাশিয়াগাড়ী গ্রামের মৃত সবেদ আলীর স্ত্রী আকলিমা বেগমের এক লাখ ৮৫ হাজার, আপুয়া খাতা গ্রামের জাহেদুল ইসলামের দুই লাখ ৩৮ হাজার, বড়ুয়া তবকপুর গ্রামের সোলায়মান আলীর স্ত্রী মরিয়ম বেগমের দুই লাখ ও ধরণীবাড়ি লতিফ রাজিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মনছুর আলীর স্ত্রী মনোয়ারা বেগমের দুই লাখ ৩০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।২০১০ সালের ১৫ জুন মরিয়ম বেগম প্রতারণার অভিযোগে কবিরাজ জেসমিনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। একই অভিযোগে সাজেদুল ইসলাম ২০১২ সালের ৬ মার্চ মামলা করেন। মামলা হওয়ার পর জেসমিন ও আবদুর রাজ্জাক গা ঢাকা দেন।গত সোমবার প্রতারণার শিকার হওয়া স্থানীয় লোকজন জেসমিনকে ধরণীবাড়ি ইউনিয়নের মজারতারি গ্রামের একটি রাস্তা থেকে আটক করে উলিপুর থানায় খবর পাঠান। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়। সোমবারই আগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠায়।উলিপুর থানায় কথা হয় জেসমিন আক্তারের সঙ্গে। তিনি প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে জানান, তাঁরা জন্ডিস ও যৌনরোগের চিকিৎসা নেন। তিনি দাবি করেন, প্রতিবেশী দেলোয়ার, সাজেদুল ও সুলতানের সঙ্গে জমি নিয়ে তাঁদের বিরোধ আছে। এ কারণে শত্রুতা করে তাঁরা অভিযোগকারীদের দিয়ে থানায় মামলা করিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাজাহান মিয়া জানান, প্রতারণার অভিযোগের তদন্ত চলছে। ইতিমধ্যে অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে।