তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, আগুন সন্ত্রাস, নাশকতা, গুপ্তহত্যা চালিয়ে বিএনপি-জামায়াত দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব আগুন সন্ত্রাসী, জঙ্গিবাদী ও নাশকতাকারীদের অপরাধ আড়াল করার শামিল। তিনি বলেন, দেশে কোনো রাজনৈতিক ও সাংবিধানিক সংকট নেই।
গতকাল শুক্রবার রাতে কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে জেলা জাসদের ত্রিবার্ষিক সন্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় হাসানুল হক ইনু এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতন্ত্র ও সংবিধানকে নিরাপদ করতে হলে ’৭১ সালের মতোই আগুন সন্ত্রাসী, জঙ্গিবাদী, নাশকতাকারীদের পরাজিত ও ধ্বংস করতে হবে। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার চক্রান্ত করছেন।
জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ নাজমুল হক প্রধান, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, জাসদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নঈমুল হাসান, কেন্দ্রীয় নারী জোটের আফরোজা হক, কেন্দ্রীয় জাসদের সদস্য আবদুর রশিদ, আবদুল্লাহ হিল কাইয়ুম, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, জাসদ নেতা মোহাম্মদ হোছাইন, রুপনাথ চৌধুরী, অলক ভট্টাচার্য প্রমুখ।
সম্মেলনে সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা।