জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে গুপ্তহত্যা নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। হোসেন মকবুল শাহরিয়ার তারকা চিহ্নিত প্রশ্নে জানতে চান, গত এক বছরে কতগুলো গুপ্তহত্যা ও অপহরণের ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা ও ব্যর্থতা কী?জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত এক বছরে (চলতি বছরের এপ্রিল পর্যন্ত) দেশে অপহরণের ঘটনায় ৬৩৩টি মামলা রুজু হয়েছে। কোনো ব্যক্তি নিখোঁজ, অপহরণ, খুন বা লাশ উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি জিডিভুক্ত করে এবং প্রচলিত আইনে মামলা রুজু হয়ে থাকে। মামলা ও জিডিগুলো তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়। ২০১১ সালে আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতা ও সফলতার সঙ্গে ৪৯৬ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। গুপ্তহত্যা সম্পর্কে মন্ত্রী কিছু বলেননি।‘সন্তু লারমার দাবি সত্য নয়’: টেবিলে উত্থাপিত বিএনপির শহীদ উদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য এলাকায় শান্তিচুক্তি পাহাড়িদের সংঘাত বন্ধ করেছে। সরকার শান্তিচুক্তির বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। এরই মধ্যে শান্তিচুক্তির বিভিন্ন ধারা বাস্তবায়িত হয়েছে। অবাস্তবায়িত ধারা বাস্তবায়নের কাজ চলছে। সন্তু লারমাসহ অন্য স্বাক্ষরকারীরা তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে যে দাবি করেছেন, তা সত্য নয়।‘সমুদ্রসীমা রক্ষায় প্রস্তাব দেয়নি যুক্তরাষ্ট্র’: ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফর করেন। সফরে তাঁদের পক্ষ থেকে বাংলাদেশের সমুদ্রসীমা পাহারা বা রক্ষার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। তাঁদের পক্ষ থেকে কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। তবে বাংলাদেশের সমুদ্রসীমার কিছু ব্লকে কয়েকটি মার্কিন কোম্পানি আগে থেকে নিয়োজিত আছে। কিন্তু তাঁদের প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে আমাদের সমুদ্রসীমা রক্ষার কোনো প্রস্তাব আসেনি। সমুদ্রসীমা রক্ষায় আমাদের প্রতিরক্ষা বাহিনীকেই শক্তিশালী করতে হবে।’বিএনপির জয়নুল আবদিনের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকদের মধ্যে যাঁদের বৈধভাবে কাজ করার কাগজপত্র নেই বা যাঁরা অসাধু জনশক্তি রপ্তানিকারকদের প্রতারণার শিকার হয়েছেন, তাঁরা প্রবাসে হয়রানি ও নির্যাতনের শিকার হন। পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে প্রবাসী নাগরিকদের অধিকার সুরক্ষায় কাজ করছে। তবে নির্যাতন ও হয়রানি বন্ধে অবৈধ অভিবাসন বন্ধের বিকল্প নেই। আওয়ামী লীগের শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। মিয়ানমার জানিয়েছে, সে দেশের জলবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। দেশটি তাদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।‘বছরে ব্যয় ৪৪০ কোটি টাকা’: নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করলে প্রতিবছর গড়ে প্রায় ৫৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৪৪০ কোটি টাকা ব্যয় হবে। অন্য কোনো রাষ্ট্র এ ব্যয়ভার বহনে অংশীদার না হতে চাইলে বাংলাদেশকে পুরো ব্যয়ভার বহন করতে হবে। এখন বোধ হয় সময় এসেছে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার সঙ্গে আর্থিক দায়িত্ব গ্রহণ করার বিষয়ে সুদূরপ্রসারী চিন্তাভাবনা করার। এ বিষয়ে আমি জাতীয় সংসদের দৃষ্টি আকর্ষণ করছি।’