গুপ্তহত্যা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম ও গুপ্তহত্যা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।জাতীয় সংসদে গতকাল বুধবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে বেনজীর আহমদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। বিএনপির অনুপস্থিত সদস্য নজরুল ইসলামের (মঞ্জু) প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এর পরও যদি কোথাও অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা ঘটে যায়, সে বিষয়ে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহীদ উদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার এ পর্যন্ত সাত হাজার ৩২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর মধ্যে খালেদা জিয়া, তারেক জিয়া ও মওদুদ আহমদের মামলাও রয়েছে।জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সঙ্গে সমন্বয় করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। চুক্তিতে ৭২টি ধারা আছে। এর মধ্যে এ পর্যন্ত ৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়েছে। ১৫টির আংশিক বাস্তবায়ন করা হয়েছে। বাকি নয়টি ধারা বাস্তবায়নের কাজ চলছে।