গুপ্তহত্যা বন্ধে জনগণকে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ঠেকানো ও গুপ্তহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা। গুপ্তহত্যা বন্ধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
১৪ দল ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ও মহানগর ইউনিট কমান্ড গতকাল রোববার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।
এলাকায় সন্দেহভাজন জঙ্গি বা সন্ত্রাসীদের আনাগোনা দেখলে মুক্তিযোদ্ধাদের কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিতেন্দ্র প্রসাদ নাথ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের তপন দত্ত, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার কামাল প্রমুখ।