গুপ্তহত্যা রাষ্ট্রসমর্থিত: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গুপ্তহত্যা রাষ্ট্রসমর্থিত। বিরোধী দলকে দমন-পীড়নের জন্য বর্তমান সরকার গুপ্তহত্যাকে রাজনীতির একমাত্র অনুষঙ্গ করেছে। গতকাল বৃহস্পতিবার গুপ্তহত্যা বিষয়ে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিএনপির এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, গত ১২ ঘণ্টায় চারজনের লাশ পাওয়া গেছে। অর্থাৎ প্রতি তিন ঘণ্টায় একজন করে গুপ্তহত্যার শিকার হচ্ছেন। এসব হত্যাকাণ্ডের সঙ্গে যে সরকার জড়িত, তাতে কোনো সন্দেহ নেই। সংবাদ সম্মেলনে ঢাকা থেকে অপহরণের পর যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক নাজমুল ইসলামের নিহত হওয়ার ঘটনাকে ‘গুপ্তহত্যা’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর জন্য সরকার দায়ী। তিনি নাজমুলকে হত্যার প্রতিবাদে কাল শনিবার যশোরে স্থানীয় বিএনপির ডাকা হরতালে কেন্দ্রীয়ভাবে সমর্থন দিয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নাজমুলের জানাজা: গাজীপুর থেকে উদ্ধার হওয়া যশোর বিএনপির নেতা নাজমুল ইসলামের লাশ গতকাল বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। সেখানে দলীয় নেতা-কর্মীরা কফিনে ফুল দিয়ে নাজমুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলীয় কার্যালয়ের সামনের সড়কে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।