গুপ্তহত্যা রুখতে দরকার সামাজিক আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান গুপ্তহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তাঁরা এ কাজে সামাজিক আন্দোলনের প্রতি জোর দেন।
গতকাল রোববার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানানো হয়। ‘সংখ্যালঘু হত্যাসহ সকল গুপ্তহত্যা রুখে দাঁড়ান’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, শাহবাগের এই একই জায়গায় যুদ্ধাপরাধের বিচারের দাবিতে তিন বছর আগে আন্দোলন করেছিল তরুণসমাজ, মুক্তমনা লেখক ও ব্লগাররা। কিন্তু তাদের এ জন্য মূল্য দিতে হয়েছে। সাম্প্রতিককালে একইভাবে একের পর এক মানুষ হত্যা করা হচ্ছে। এগুলো গুপ্তহত্যা নয়, দিবালোকে সবার সামনে, উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। এসব হত্যায় জড়িত লোকদের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুধু সরকারের ওপর নির্ভর না করে জনগণকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নাট্যজন মামুনুর রশীদ।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, দেশ আজ ভয়ানক সংকটের মুখোমুখি। প্রতিদিন পুরোহিত, ধর্মযাজক থেকে শুরু করে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। খুনিদের মতাদর্শের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এ সময় নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জামশেদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।