গুপ্তহত্যাকারীদের খুঁজে খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির প্রকাশ্যে মানুষ হত্যা বন্ধ করতে পেরেছি। গুপ্তহত্যাও বন্ধ করতে পারব। এটা সময়ের ব্যাপার। গুপ্তহত্যাকারীদের খুঁজে খুঁজে বের করা হবে।’
গতকাল শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, ‘কেউ কাউকে আঘাত করলে দয়া করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না। একজোট হয়ে প্রতিরোধ করবেন, আমরা আপনাদের পাশে থাকব। যারা এগুলো করে পালাতে চাইবে, রাস্তায় যাঁরা থাকেন, আমি তাঁদের বলব, এদের অন্তত ধরার চেষ্টা করবেন। তাদের প্রতিরোধ করবেন। ঠিক যেভাবে করেছিলেন ২০১৫-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত।’
গুপ্তহত্যার বিষয়ে সরকার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গুপ্তহত্যাকারীদের খুঁজে খুঁজে বের করা হবে। সূত্রটা কী, কাদের মদদে, কারা অর্থ দিচ্ছে। কাদের পরিকল্পনায় এই কাজগুলো তারা করছে—এই সূত্রগুলো আমরা খুঁজে বের করব। তার কিছু সূত্র আমরা পাচ্ছি এবং একসময় বের হবে।’
গুপ্তহত্যাকারীদের পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আজকে পুলিশের পরিবারের ওপর আঘাত করা হয়েছে। যারা এটা করে, তারা ভুলে যায় কেন যে তাদেরও পরিবার আছে। তাদেরও বাবা-মা আছে, ভাইবোন আছে, ছেলেমেয়ে আছে। আঘাত দিলে প্রতিঘাত কিন্তু পেতেই হবে। তারা কি তাদের পরিবারকে এভাবে বিপদে ফেলতে চায়?’
আওয়ামী লীগই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপির নেত্রী বলেছেন, আওয়ামী লীগ খুন করছে। খুন করার অভ্যাস আমাদের নয়, তাঁর আছে। কারণ, তারা আমাকে খুন করার জন্য বারবার চেষ্টা করেছে।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘শুধু সাজুগুজু করার জন্য আয়নায় চেহারা দেখবেন না। কী কী করেছেন, তা স্মরণ করার জন্য চেহারাটা একটু আয়নায় দেখেন। আয়নায় খুনের চেহারাটাই ভেসে উঠবে।’
শেখ হাসিনা বলেন, ‘এক-এগারোর সময় একটা প্রস্তাব তাদের সব সময় ছিল, সেটা হলো নির্বাচন করবেন না, আপনাকে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে রাখব। আমি জিজ্ঞাসা করতাম, প্রধানমন্ত্রীর মর্যাদা মানে কী? আর আমাকে কী দেবেন আপনারা। আমি তো নিজে প্রধানমন্ত্রী ছিলাম। আর বাবা ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি প্রধানমন্ত্রীও ছিলেন। আমি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়ে। আমাকে আপনারা আর কী মর্যাদা দেবেন। মর্যাদা মানে একখানা ভালো বাড়ি, গাড়ি, এই তো! ওটার জন্য আমি রাজনীতি করি না। আমার পরিষ্কার কথা, আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সেই কাজের সুযোগ চাই। আর সেই কাজ করতে হলে আমার ক্ষমতা চাই।’
ওই সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য এবং ২০তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত বিভিন্ন উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলন পেছাল: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের তারিখ পিছিয়ে আগামী ২২ ও ২৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। গতকাল কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বর্তমান কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। এসব সিদ্ধান্ত দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ১০ ও ১১ জুলাই সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছিল।
এদিকে চলতি জুন মাসেই আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির বর্ধিত মেয়াদ শেষ হওয়ার কথা। তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদ গত ডিসেম্বরে শেষ হওয়ার আগে ছয় মাস বাড়ানো হয়েছিল।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, সম্মেলনের তারিখ পরিবর্তনের পেছনে মূল কারণ হচ্ছে ঈদুল ফিতর ও বর্ষাকাল। ওই সময় সম্মেলন হলে আকর্ষণ হারাবে বলে মনে করছেন দলের নেতারা। আর অক্টোবরে নতুন তারিখ ঠিক করার পেছনে দুটি বিষয় কাজ করেছে। প্রথমত, শোকের মাস আগস্টে আওয়ামী লীগ শোকের কর্মসূচির বাইরে কিছু করবে না। আর সেপ্টেম্বর মাসে ঈদুল আজহা ও পূজা রয়েছে। এ জন্যই অক্টোবর মাসকে বেছে নেওয়া হয়েছে।