গুপ্তহত্যাকারীরা পরাজিত হবে : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুনযুদ্ধের পরে গুপ্তহত্যার পথ যারা অনুসরণ করছে, তাদের উদ্দেশে বলব—আগুনযুদ্ধে যারা ছিল, তারা পরাজিত হয়েছে। আর গুপ্তহত্যার পথে যারা হাঁটছে, তারাও পরাজিত হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের শহীদ মনিরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগের প্রচারাভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তি ও উন্নয়নের দূত অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) নেতৃত্বে সামরিক-সাম্প্রদায়িকতা থেকে রাজনীতি যেমন গণতন্ত্রের পথে হাঁটছে, তেমনি অর্থনীতি ও সমাজেও বৈষম্যমুক্ত সমৃদ্ধির নতুন দিগন্ত সূচিত হচ্ছে।’
গণমাধ্যমকে উন্নয়নের অংশীদার বলে বর্ণনা করে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগকে সততা, ন্যায়নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে তৃণমূলে পৌঁছে দেবে তথ্য মন্ত্রণালয়।
‘একটি বাড়ি একটি খামার’, ‘ডিজিটাল বাংলাদেশ’, ‘নারীর ক্ষমতায়ন’, ‘সবার জন্য বিদ্যুৎ’, ‘কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ (মানসিক স্বাস্থ্য)’, ‘আশ্রয়ণ প্রকল্প’, ‘সামাজিক নিরাপত্তাবেষ্টনী’, ‘শিক্ষা–সহায়তা কার্যক্রম’, ‘পরিবেশ সুরক্ষা’ ও ‘বিনিয়োগের বিকাশ’ শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করতে কাজ করছে তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ টেলিভিশনে নবগঠিত ১০টি পৃথক দল উদ্যোগভিত্তিক অনুষ্ঠানমালা নির্মাণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ‘সবার জন্য বিদ্যুৎ’ উদ্যোগভিত্তিক প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক লিয়াকত আলী খান, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সময় টেলিভিশনের প্রধান সম্পাদক আহম্মদ মুজতবা দানিশ ও ঢাকা বাংলা চ্যানেলের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম।