গুপ্তহত্যার তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গুপ্তহত্যা ও অপহরণের বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমার প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গুপ্তহত্যার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুপ্তহত্যা হোক আর অপহরণ হোক, পত্রপত্রিকায় দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং কাজও (তদন্ত) চলছে।মন্ত্রী বলেন, ‘গত ১০ বছরের তুলনায় ২০১১ সালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এটা আমার কথা নয়, দেশ-বিদেশের পত্রপত্রিকার কথা।’ এবারও দুই দফায় ইজতেমা: সাহারা খাতুন বলেন, এবারও দুই দফায় ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম দফায় ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি এ ইজতেমা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিবারই ইজতেমায় মুসল্লিদের কীভাবে সেবা দেওয়া যায়, তা নিয়ে আমরা আলোচনা করি এবং বিভিন্ন কমিটি গঠন করা হয়। এবারও তা করা হয়েছে।’ টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠেয় এবারের ইজতেমায় শতাধিক দেশ থেকে মুসল্লিরা আসবেন বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রসচিব মনজুর আহমেদ, অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।