দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত শনাক্ত করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করা হয়েছে। ‘সাতক্ষীরার সর্বস্তরের জনগণ’ ব্যানারে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, এসপির স্ত্রী মাহমুদা খানম মিতু, বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজাউল ইসলাম, ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীসহ সম্প্রতি একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু হত্যাকারীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সঠিক তদন্ত করে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। অধ্যাপক আবদুল হামিদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফাইমূল হক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক, শিক্ষিকা নাসরিন খান, কৃষক লীগের নেতা বিশ্বজিৎ সাধু, সাংস্কৃতিক কর্মী শামিমা পারভিন প্রমুখ।