গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন ও সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে, নাটোরে ব্যবসায়ী সুনীল গোমেজ, চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খাতুন এবং সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনসহ সব গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শনিবার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ এর ডাক দেয়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুরবাসী ও শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, জেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালিত হয়। একই সময় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন হয়। গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুরের বানিয়ারচর বাজার এলাকায়ও একই কর্মসূচি পালিত হয়।
পটুয়াখালী: বেলা ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ, জেলা কমিটি মানববন্ধনের আয়োজন করে।
কুষ্টিয়া: বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডে শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দিরের সামনে মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রাজবাড়ী: দুপুরে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব চত্বরের সামনে মানববন্ধন পালন করা হয়। বালিয়াকান্দি সৎসঙ্গ, কেন্দ্রীয় মহাশ্মশান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখা এর আয়োজন করে।