গুপ্তহত্যার প্রতিবাদে সভা ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে, নাটোরে ব্যবসায়ী সুনীল গোমেজ, চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খাতুন এবং সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনসহ সব গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের ডাকে গতকাল শনিবার এ কর্মসূচি পালিত হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: বিকেল সাড়ে চারটার দিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে ও উজ্জ্বল কুমার ঘোষের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পূজা উদ্যাপন পরিষদের মহানগর সভাপতি তপন সরকার, হৃদয় কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি অধ্যাপিকা বুলবুল রানি ঘোষ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ: বেলা একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার উপদেষ্টা মোহিত কুমার, সভাপতি বাবুল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক প্রণব পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি মনোরঞ্জন, জেলা আদিবাসী ফোরামের সভাপতি যতীন্দ্র হেমব্রম প্রমুখ। বক্তারা অবিলম্বে গুপ্তহত্যা বন্ধ, হত্যাকারীদের আইনের আওতায় আনা এবং সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জয়পুরহাট: শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান সড়কের পাশে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় বক্তব্য দেন রেবতি মণ্ডল, নন্দ কিশোর আগরওয়ালা। কর্মসূচিতে সংহতি জানান। জেলা সিপিবির সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান।